অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে খাবার বিক্রির তথ্যের সঙ্গে দাখিল করা ভ্যাট রিটার্নের হিসাবে বড় ধরনের গরমিল খুঁজে পেয়েছে ভ্যাট গোয়েন্দা, তদন্ত ও গবেষণা অধিদপ্তর। ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের বিক্রয় তথ্য পর্যালোচনা করে ২৯টি রেস্টুরেন্টের হিসাব পরীক্ষা-নিরীক্ষা শেষে সংস্থাটি এই অমিল শনাক্ত করে। এই অনিয়মের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলোর প্রকৃত বিক্রয় নির্ধারণ, অতীতের বিক্রয় তথ্য সংগ্রহ এবং সেই অনুযায়ী বকেয়া রাজস্ব আদায় নিশ্চিত করতে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২৪ নভেম্বর অধিদপ্তরের মহাপরিচালক জাকির হোসেন স্বাক্ষরিত এই নির্দেশনা ভ্যাট কমিশনারেট বরাবর পাঠানো হয়। এনবিআর সূত্রে জানা গেছে, ফুডপান্ডা থেকে চার হাজার, ফুডি থেকে পাঁচ হাজার ৪৩৪ এবং পাঠাও ফুড থেকে তিন হাজার ৬৪৬টি প্রতিষ্ঠানের তালিকা সংগ্রহ করা হয়। এই তালিকা থেকে ২৯টি রেস্টুরেন্টের আগস্ট ২০২৬ মাসের দাখিলপত্র ও বিক্রয় তথ্য গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে।
তদন্তে দেখা গেছে, তালিকায় থাকা নয়টি প্রতিষ্ঠানের ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের মাধ্যমে মোট বিক্রয়ের পরিমাণ দুই কোটি ১০ লাখ ৪৪ হাজার ৩১ টাকা। অথচ আগস্ট মাসের রিটার্নে তারা প্রদর্শন করেছে মাত্র এক কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৪০ টাকা। এই দুই হিসাবের ব্যবধান ৮৪ লাখ পাঁচ হাজার ৯৯১ টাকা। একই তালিকায় একটি রেস্টুরেন্টের অনলাইন বিক্রয় ও রিটার্নে দেখানো অর্থের পার্থক্য সাত লাখ ৭১ হাজার ৩৯৫ টাকা পাওয়া গেছে। অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও বিক্রয় ও রিটার্নের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে।
অধিদপ্তরের পর্যবেক্ষণ মতে, রেস্টুরেন্টগুলোর মোট বিক্রয়ের সর্বোচ্চ ১০ শতাংশ অনলাইনে সম্পন্ন হয়, বাকি ৯০ শতাংশ বিক্রয় সরাসরি আউটলেট থেকে হয়। তাই শুধু অনলাইন প্ল্যাটফর্মের তথ্যের ওপর ভিত্তি না করে প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক বিক্রয় হিসাব যাচাই করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কমিশনারেটগুলোকে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, নিজ নিজ অধিক্ষেত্রের প্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরি করা, অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনা এবং গত পাঁচ বছরের বিক্রয় তথ্য সংগ্রহ করা। সংগৃহীত তথ্যের সঙ্গে দাখিলপত্রের মিল খুঁজে বকেয়া রাজস্ব আদায় এবং বর্তমান সময়ের প্রকৃত বিক্রয় হিসাব নিশ্চিত করতে বলা হয়েছে।
তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: সুলতানস ডাইন (গুলশান-২, মিরপুর-৬, সিলেট, শুজাতনগর ও আগ্রাবাদ শাখা), পিজ্জা বার্গ (চট্টগ্রাম, মিরপুর, উত্তরা, সাতমসজিদ রোড, বসুন্ধরা, ওয়ারী, ব্লক-সি, পল্লবী, আদাবর ও গুলশান শাখা), চিলক্স (খিলগাঁও, মোহাম্মদপুর ও বনানী শাখা), ম্যাডশেফ (মিরপুর ও উত্তরা শাখা), বার্গার এক্সপ্রেস (মিরপুর, বনানী, বেইলি রোড, মোহাম্মদপুর ও কলাবাগান শাখা), চিজ (ধানমন্ডি ও মিরপুর শাখা), সেভেনডেইজ (২ নম্বর গেট, চট্টগ্রাম) এবং লালবাগ বিরিয়ানি হাউস (ধানমন্ডি)।

