পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, নজরদারিতে অনেকে

অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানের গ্রেপ্তারের রেশ কাটতে না কাটতেই পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক দায়িত্বশীল সূত্র এই আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ সুপার হিসেবে পিবিআইতে কর্মরত। তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বাড়ি ঝালকাঠি জেলার সদর উপজেলায়। অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। তবে ঠিক কী অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত সোমবার গোপালগঞ্জের সাম্প্রতিক নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। ৩৪তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তার বাড়িও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।

এদিকে, বাহিনীর অভ্যন্তরীণ তথ্য ফাঁস এবং সাম্প্রতিক নাশকতার ঘটনায় যোগসাজশের অভিযোগে পুলিশের কিছু কর্মকর্তার নাম উঠে আসায় বাহিনীর ভেতরে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের উচ্চপর্যায়ের সূত্রগুলো বলছে, বিভিন্ন ইউনিটে নতুন নেতৃত্ব এনে মাঠপর্যায়ে বাহিনীকে নতুন করে সাজানো হচ্ছে।

গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও বাহিনীর ভেতরে নজরদারির কথা উল্লেখ করেছেন। তিনি জানান, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা 'ফ্যাসিস্ট শক্তির' সঙ্গে যুক্ত হয়ে ষড়যন্ত্র করছেন। সরকার তাদের কঠোর নজরদারিতে রেখেছে এবং ইতিমধ্যে কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এছাড়া, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।