জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেছেন, পতিত ফ্যাসিবাদী সন্ত্রাসী গোষ্ঠীর রক্তের নেশা এখনো মেটেনি এবং তাদের চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন যে, জুলাই বিপ্লবের সম্মুখসারির নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আবু বাকের মজুমদার বর্তমানে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। তার বাড়িতে কাফনের কাপড় ও হুমকি সংবলিত চিরকুট পাঠানোর মাধ্যমে এই ভীতি প্রদর্শন করা হয়েছে বলে তিনি জানান।
পোস্টে নাহিদ ইসলাম আরও বলেন, দেড় দশকের শাসনামলে হাজার হাজার মানুষকে হত্যা করেও এই সন্ত্রাসী গোষ্ঠীটির রক্তের তৃষ্ণা শেষ হয়নি। পাঁচ আগস্ট জনগণের কাছে চূড়ান্তভাবে পরাজিত হওয়ার পরও তাদের আচরণে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তারা মানুষ হত্যার জন্য চোরাগোপ্তা হামলার পথ বেছে নিয়েছে। গত বছরের ডিসেম্বরে শরীফ ওসমান হাদীকে হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এবার খুনিদের নিশানায় জুলাই বিপ্লবের সম্মুখসারির নেতৃত্ব।
এই ধরনের চোরাগোপ্তা হামলা ও প্রাণনাশের হুমকি প্রতিহত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি জুলাই বিপ্লবের নেতৃত্ব, শহিদ পরিবার এবং রাজপথের যোদ্ধাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে আওয়ামী লীগের খুনি বাহিনীর বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু বাকের মজুমদারদের সাহসিকতা পলাতক খুনিদের অজানা। আমরা এই সন্ত্রাসী শক্তিকে আবারও পরাজিত করব, ইনশাআল্লাহ।

