ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে শুরু হয়েছে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। প্রযুক্তির এই যুগে মানুষকে ডিভাইসনির্ভরতা কমিয়ে বেশি বেশি গল্প ও উপন্যাসের বই পড়ার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান যুগে মানুষ বইয়ের পাতা থেকে দূরে সরে গিয়ে অতিরিক্ত ডিভাইসনির্ভর হয়ে পড়ছে। এই আসক্তি কাটাতে বই পড়ার কোনো বিকল্প নেই। বই পড়লে মানুষের মেধা ও মননের বিকাশ ঘটে, ইতিবাচক চিন্তায় সাহায্য করে এবং যেকোনো বাজে অভ্যাস থেকে দূরে রাখে। তিনি উল্লেখ করেন, বইয়ের সংগ্রহ যত সমৃদ্ধ হবে, মানুষের জ্ঞানও তত বাড়বে। প্রকাশনা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের বইয়ের মান উন্নয়নে আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বর্তমান সময়ে বইয়ের প্রচ্ছদ ও বাঁধাইয়ের মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জন কেনেডি জাম্বিল। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম আব্দুল্লাহ খান, ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক আব্দুর রব মোশারফ।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান বলেন, বই মানুষের মননশীলতায় গুণগত পরিবর্তন আনে। নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানভিত্তিক পাঠচক্র গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব জায়গায় পঠনপাঠনের পরিবেশ তৈরির তাগিদ দেন তিনি। উদ্বোধনী আলোচনা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী প্রকাশকদের সঙ্গে কথা বলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় মোট ৭৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান আটটি এবং বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান ৬৫টি। মেলাটি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনগুলোতে সকাল ১১টা থেকেই মেলা শুরু হবে। আগামী ২ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত চলবে এই বইমেলা।
মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যা ৬টায় চার জেলার স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া নয় দিনের এই মেলায় কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কচিকাঁচার উৎসব, রচনা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা এবং স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠের সুব্যবস্থা রয়েছে।

