রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বরে ব্যস্ত সড়ক পার হতে গিয়ে মাঝের বিভাজকে পথচারীদের ভিড়ে আটকে পড়েন এক নারী। ঠিক তখনই তাঁর পিছু নিয়ে ভ্যানিটি ব্যাগে হাত বাড়ানোর চেষ্টা চালান এক যুবক। যানবাহন সচল হলে নারীটি হেঁটে চলে যাওয়ায় সেবার ব্যর্থ হন তিনি। তবে সেখান থেকে সরে গিয়ে কাউকে ইশারা করার ১৫ মিনিট পর আরও তিন যুবককে সঙ্গে নিয়ে ফেরেন ওই তরুণ। মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে পরপর কয়েকজনের পকেট ও ব্যাগে হাত দিয়ে মূল্যবান জিনিস হাতিয়ে নেয় এই চক্রটি। গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে এমন দৃশ্য দেখা যায়।
মিরপুরে দীর্ঘদিন ধরে বসবাসকারী মহিউদ্দিন আহমেদের ভাষ্যমতে, চার থেকে আটজনের দলে ভাগ হয়ে ছিনতাইকারী ও পকেটমারদের একাধিক চক্র এলাকায় সক্রিয় রয়েছে। অপরাধ ছকের বিবরণ দিয়ে তিনি জানান, প্রথমে পদচারী-সেতুর ওপর অবস্থান নিয়ে একজন দূর থেকে পথচারীদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। সুবিধাজনক লক্ষ্যবস্তু মিললে নিচে থাকা সহযোগীদের সংকেত পাঠানো হয়। পরে অনুসরণকারী সদস্য সড়ক পারাপার বা ভিড়ের সুযোগে ভুক্তভোগীর ব্যাগ বা পকেট ফাঁকা করে ফেলে। গত ১০-১২ বছর ধরে এমন ঘটনা দেখে আসা মহিউদ্দিন ও তাঁর পরিবারও একাধিকবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।
স্থানীয় ছয়জন ব্যবসায়ী জানিয়েছেন, অপরাধীদের নির্দিষ্ট সময়ের ভিত্তিতে দল ভাগ করা থাকে। সকাল ১০টা থেকে দুপুর ১২টার দিকে কাঁচা বাজার করে ফেরা পথচারীদের লক্ষ্য বানিয়ে ব্যাগ টান মেরে পালিয়ে যায় ছিনতাইকারীরা। অন্যদিকে বিকেলবেলা অফিস ছুটির ভিড়ে সক্রিয় হয়ে ওঠে পকেটমারির জন্য নির্ধারিত অন্য দল। মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সিঁড়ির নিচে ও পিলারের কারণে তৈরি হওয়া ফাঁকা জায়গায় মাদকও সেবন করে তারা। শাহ আলীর মাজার ও সংলগ্ন এলাকাতেও এসব চক্রের অপরাধীদের বিচরণ রয়েছে।
গোলচত্বর এলাকায় দেড় বছর ধরে পণ্য বিক্রি করা হকার ইউসুফ জানান, প্রতিদিন অসংখ্য মানুষ পকেটমারির শিকার হচ্ছেন। পদচারী-সেতুতে ব্লেড বা কাঁচি উঁচিয়েও মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। কখনো অপরাধীরা হাতেনাতে ধরা পড়লে মুখ থেকে লুকিয়ে রাখা ব্লেড বের করে নিজের শরীরে আঘাত হেনে আতঙ্ক ছড়িয়ে সটকে পড়ে। কোনো কোনো সময় অভিযুক্ত ব্যক্তি ধরা পড়লে চক্রের অন্য সদস্যরা দ্রুত এসে সাজানো চড়থাপ্পড় দিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়ে যায়। এছাড়া সনি মোড় থেকে ২ নম্বর সেকশনে যাওয়ার সড়কে সিগন্যালে থামার পর ছাড়ার মুহূর্তে মোটরসাইকেলে করে এসে ব্যাগ টান দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে সৈয়দ আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি এক ছিনতাইকারীকে লক্ষ্য করে বলেন, ‘দীর্ঘ এক ঘণ্টা এই ছেলেটাকে ফলো করে দেখলাম, মিনিমাম ১০-১৫ জনের সঙ্গে এমনটা করেছে।’ ভিডিওতে দেখা যায়, মিরপুর-১ নম্বরে সড়কের মাঝের বিভাজকে পথচারী আটকে পড়ার সুযোগে এক তরুণ একের পর এক ব্যাগে হাত দিচ্ছে। সেখানে এক নারীর ব্যাগে হাত দেওয়ার মুহূর্তে তিনি টের পেয়ে হাতেনাতে ধরে ফেলেন এবং এক বাইসাইকেল আরোহী এগিয়ে এলে অপরাধী সটকে পড়ে। ভিডিও ধারণকারীর দাবি, ঘটনাটি সরাসরি পুলিশ বক্সের সামনেই ঘটেছে। উল্লেখ্য, ঢাকায় ছিনতাইপ্রবণ ৩ শতাধিক স্থান চিহ্নিত থাকলেও, সবচেয়ে বেশি ছিনতাই হয় ৫০টি এলাকায় এবং অপরাধীরা ধরা পড়ার পরও আবার একই জায়গায় অপরাধে জড়িয়ে পড়ে।
এসব অপরাধে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি কিংবা প্রশাসনের প্রশ্রয় থাকার সন্দেহের কথা জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে পুলিশ বক্সে নিয়ে যাওয়ার পর অপরাধীদের ছেড়ে দেওয়ার যে অভিযোগ স্থানীয়রা তুলেছেন, সে বিষয়ে পুলিশ ভিন্ন বক্তব্য দিয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার জানান, এ বিষয়ে কোনো নির্দিষ্ট অভিযোগ তাঁদের কাছে আসেনি। তবে বিষয়টি নজরে নিয়ে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

