৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন ও বডি-ক্যামেরা

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ মোট ৮টি জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এই মোতায়েন প্রক্রিয়ার অংশ হিসেবে গোপালগঞ্জ জেলায় ২ ব্যাটালিয়ন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় এই বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বিজিবি সদস্যরা আধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছেন। এর অংশ হিসেবে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন।