টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করার লক্ষ্যে জিজ্ঞাসাবাদের জন্য তাকে এই রিমান্ডে নেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। আবেদনে তিনি উল্লেখ করেন, মামলার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার ইন্ধনদাতাদের চিহ্নিত করা এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত গ্রেপ্তার ও পলাতক অন্য আসামিদের অবস্থান শনাক্ত করার ক্ষেত্রেও রিমান্ডের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে আসলামকে আদালতে আনা হয় এবং সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির আগে বিকাল পৌনে ৫টার দিকে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে এজলাসে তোলা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। অন্যদিকে আসামির পক্ষে অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় গুলি করে টিটনকে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। টিটনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার খাপুরা এলাকায়। দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ১৩ আগস্ট জামিনে মুক্তি পেয়ে তিনি ঢাকার হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকায় বসবাস শুরু করেন।

এজাহারে গরুর হাটের ইজারা নিয়ে বিরোধকে হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল বা কাইল্লা বাদল, শাজাহান এবং রনি ওরফে ভাঙ্গারি রনিসহ কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধের কথা বলা হয়েছে। ঘটনার দিন মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারীসহ সাত-আটজন টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে তিনি ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক হিসেবে পরিচিত সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জামিনে মুক্তি পান। তার প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম এবং বাবার নাম শেখ জিন্নাত আলী। পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায় হলেও তিনি রাজধানীর ইন্দিরা রোডে বেড়ে ওঠেন।

এজাহার অনুযায়ী, গত ২৭ এপ্রিল টিটন তার বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষ তাকে ডেকেছে এবং সমঝোতার মাধ্যমে বিরোধ মীমাংসা করতে চায়। পরদিন ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলার পাকা সড়কে তার ওপর হামলা চালানো হয়।

এজাহারে আরও বলা হয়, ঘটনার খবর পেয়ে যশোর থেকে ঢাকায় রওনা হন বাদী। ২৯ এপ্রিল ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পৌঁছে ভাইয়ের লাশ শনাক্ত করেন তিনি। নিউমার্কেট থানা-পুলিশের প্রস্তুত করা সুরতহাল প্রতিবেদন তৈরির সময়ও উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মামলা করতে কিছুটা বিলম্ব হয় বলে এজাহ