বরগুনায় বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতি সভা

বরগুনায় জুনিয়র বৃত্তি, ইবতেদায়ি পঞ্চম শ্রেণি এবং দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় পরীক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরীক্ষার্থীদের নিরাপত্তা, নকল প্রতিরোধ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ ধাপ। কোনো শিক্ষার্থী যেন বৈষম্য, অনিয়ম বা অব্যবস্থাপনার শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। তিনি পরীক্ষার পরিবেশ নকলমুক্ত, শান্তিপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে বলে জেলা প্রশাসক উল্লেখ করেন। এ সময় তিনি কেন্দ্রসংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়া পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং যথাসময়ে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করার ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।