খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী ও সমন্বিত উদ্যোগ

ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে বহুমুখী ও সমন্বিত উদ্যোগ জোরদার করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে নামিয়ে আনা হবে। এই লক্ষ্য অর্জনে ঋণ আদায় বাড়ানো, বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধা কার্যকর করা, ব্যাংকগুলোর ওপর তদারকি বৃদ্ধি এবং প্রয়োজনীয় আইনি সংস্কারের মতো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ২০ নভেম্বর জারি করা এক সার্কুলারে সব তফসিলি ব্যাংককে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চলতি বছরের ২৯ জুন চালু হওয়া বিশেষ এ নীতিমালার আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণ এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফ করা সম্ভব। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণ এবং ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত পুনঃতফসিল করা নির্দিষ্ট কিছু ঋণ এ সুবিধার আওতায় আসবে। এতে স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোগের ঋণকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে তা ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে গত সেপ্টেম্বর মাস শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত ১৬ নভেম্বর জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য প্রকাশ করেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, খেলাপি ঋণ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, বিশেষ করে এককালীন ঋণ নিষ্পত্তি নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে তফসিলি ব্যাংকগুলোর সঙ্গে নিয়মিত কাজ করছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি যেসব ব্যাংকে শ্রেণিকৃত ঋণের হার বেশি, সেগুলোর ওপর কঠোর নজরদারি চালানো হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনায় ১০ শতাংশের বেশি শ্রেণিকৃত ঋণ রয়েছে—এমন ব্যাংকগুলোর জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে প্রতি তিন মাসে বৈঠকের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া প্রতিটি ব্যাংকের শীর্ষ ২০ খেলাপি ঋণগ্রহীতার কাছ থেকে ঋণ আদায়ের অগ্রগতি ব্যাংকার্স সভায় পর্যালোচনা করা হচ্ছে।

এসবিএসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ঋণ আদায় জোরদার এবং ব্যাংকের সম্পদের মান উন্নয়নে তারা কাজ করছেন। তিনি বলেন, বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি নীতিমালা যোগ্য ঋণগ্রহীতাদের জন্য একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়ায় ঋণ পরিশোধের সুযোগ তৈরি করেছে, যা দীর্ঘদিন ধরে অনাদায়ি থাকা ঋণের অর্থ উদ্ধারে ব্যাংকগুলোর জন্য সহায়ক হবে।

নতুন করে খেলাপি ঋণ সৃষ্টি ঠেকাতে ঋণঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন শক্তিশালী করার পাশাপাশি ২০২৭ সালের মধ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস-৯) অনুসারে এক্সপেকটেড ক্রেডিট লস (ইসিএল) কাঠামো চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া খেলাপি ও ঝুঁকিপূর্ণ সম্পদ দ্রুত আদায়ে 'ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০২৬' প্রণয়ন এবং অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঝুঁকিভিত্তিক তদারকির অংশ হিসেবে দুর্বল সুশাসন রয়েছে এমন ব্যাংকগুলোতে বিশেষ সম্পদমান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ-একিউআর) জোরদারের ওপরও গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।