দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা জানান।
প্রধানমন্ত্রী জানান, নারী ও পুরুষ উদ্যোক্তাদের উৎসাহিত করতে এসএমই ফাউন্ডেশন ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের ৬৪ জেলার প্রতিটিতে প্রতি বছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী চার বছরে ২৫ হাজারেরও বেশি নতুন উদ্যোক্তা তৈরি সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তারেক রহমান আরও জানান, এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আগামী পাঁচ বছরে ৫০ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ছাড়া সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়, তাই এই খাতের উদ্যোক্তাদের প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, এসএমই পণ্যের নকশা ও গুণগত মান উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এছাড়া দেশীয় উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনের বাণিজ্য মেলায় অংশগ্রহণের পরিকল্পনাও রয়েছে সরকারের।
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক উপস্থিত ছিলেন।

