চকরিয়ায় মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর, পাঁচটি শ্যালো মেশিন এবং বিপুল পরিমাণ পাইপ জব্দ করার পর তা ধ্বংস করা হয়েছে।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল আলমের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে মাতামুহুরী সেতু, চকরিয়া-পেকুয়া সীমান্তবর্তী বাগুজরা সেতু এবং বাটাখালী সেতুসংলগ্ন নদীর তীরবর্তী এলাকাগুলোতে নজরদারি চালানো হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে রাতের আঁধারে বিভিন্ন চক্র মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছে। অভিযানের মুখে কয়েক দিন কার্যক্রম বন্ধ থাকলেও পরবর্তীতে তা আবার শুরু হয়। এসব অভিযোগের ভিত্তিতেই উপজেলা প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. শফিউল আলম বলেন, মাতামুহুরী একটি ঐতিহ্যবাহী নদী, যার পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া কোথাও অবৈধভাবে বালু উত্তোলন বা পাহাড় কাটার মতো ঘটনা ঘটলে তা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।