অবৈধ ডেন্টাল চেম্বার বন্ধ ও উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ সেন্টার চালুর দাবি

দেশে অবৈধভাবে পরিচালিত ডেন্টাল চেম্বার ও টেকনোলজিস্টদের মাধ্যমে দাঁতের চিকিৎসা বন্ধ করার জোরালো দাবি জানিয়েছে দন্তচিকিৎসকদের সংগঠন ডক্টর’স মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)–বিডিএস উইং। একই সঙ্গে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে বিসিএস (বিডিএস) ক্যাডার চিকিৎসকদের নেতৃত্বে আধুনিক ও পূর্ণাঙ্গ ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার দাবি তুলেছে তারা। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাম্প্রতিক রায়ের পরও দেশের বিভিন্ন স্থানে ডেন্টাল টেকনোলজিস্ট পরিচয়ে দাঁতের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা এটিকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর পরিপন্থী বলে উল্লেখ করেন। তাদের মতে, এর ফলে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং নানাবিধ চিকিৎসা-জটিলতা তৈরি হচ্ছে।

ডিএমজে–বিডিএস উইংয়ের কেন্দ্রীয় কো–অর্ডিনেটর চিকিৎসক মো. সাইফুল ইসলাম বলেন, ডেন্টাল টেকনোলজিস্টদের শিক্ষা ও প্রশিক্ষণের পরিধি নির্দিষ্ট কিছু প্রযুক্তিগত কাজে সীমাবদ্ধ। দাঁতের রোগনির্ণয়, চিকিৎসা পরিকল্পনা, অস্ত্রোপচার, দাঁত উত্তোলন, রুট ক্যানাল, প্রেসক্রিপশন প্রদান কিংবা অন্য কোনো ক্লিনিক্যাল চিকিৎসাসেবা দেওয়ার আইনগত অধিকার তাদের নেই। অথচ দেশের বিভিন্ন এলাকায় এসব কার্যক্রম অব্যাহত থাকায় সাধারণ মানুষ প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

সংগঠনটি আরও জানায়, বাংলাদেশে সরকারি পর্যায়ে ডেন্টাল চিকিৎসাসেবার পরিধি এখনো অত্যন্ত সীমিত। অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্ণাঙ্গ ডেন্টাল সেন্টার না থাকায় সাধারণ মানুষ মানসম্মত দন্তচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এই সংকট নিরসনে উপজেলা পর্যায়ে বিসিএস ক্যাডার চিকিৎসকদের মাধ্যমে আধুনিক ডেন্টাল সেন্টার চালুর কোনো বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে সংগঠনটি দুটি প্রধান দাবি উত্থাপন করে। প্রথমত, সুপ্রিম কোর্টের রায়ের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর, বিএমডিসি, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবৈধ ডেন্টাল চেম্বার ও টেকনোলজিস্টদের মাধ্যমে চিকিৎসা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এছাড়া অবৈধভাবে চিকিৎসা প্রদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং ডেন্টাল চেম্বার পরিচালনায় সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। দ্বিতীয়ত, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে বিসিএস (বিডিএস) ক্যাডার চিকিৎসকদের নেতৃত্বে পূর্ণাঙ্গ ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠা করতে হবে, যেখানে ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, অর্থোডন্টিকস, এন্ডোডন্টিকস ও পেরিওডন্টিকসসহ সব ধরনের দন্তচিকিৎসা নিশ্চিত করা হবে।