ছেলের লাশ নিজেই তুলে আনলাম, আমি হতভাগ্য বাবা: মামুনুল কবির

বান্দরবানের শৈলপ্রপাত ঝরনায় গোসলের সময় নিখোঁজ শিক্ষার্থী তাহমিদুল কবিরের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার দুপুরে বন্ধুদের সাথে ঝরনায় ঘুরতে গিয়ে সে নিখোঁজ হয়। পরদিন বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় ঝরনার নিচের একটি খুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাহমিদুল বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গ্রামে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের শাহ মোহছেন আউলিয়া মাজারের মাঠে তাহমিদুলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে ছেলের নিথর দেহ সামনে রেখে কান্নায় ভেঙে পড়েন বাবা মামুনুল কবির। তিনি বলেন, ‘আমি নিজে ঝরনায় নেমে ছেলের লাশ তুলে এনেছি। আমারই ছেলের লাশ আমাকে কাঁধে নিতে হলো, আমি এমনই এক হতভাগ্য বাবা।’ উপস্থিত মানুষের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমার ছোট্ট নিষ্পাপ ছেলে। বন্ধুদের সঙ্গে ঝরনা দেখতে গিয়ে সে আর ফিরে এল না। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন।’

জানাজার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। এর মধ্যেই স্বজন, প্রতিবেশী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শেষ বিদায় জানাতে মাঠে ভিড় করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষকেরা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. আশরাফ উদ্দিন বলেন, ‘তাহমিদুল পড়াশোনায় খুবই ভালো ছিল। ভদ্র স্বভাবের এমন ছেলেটির মৃত্যু মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে।’

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয় বন্ধুর সাথে ঝরনায় গোসলে নেমে এক পর্যায়ে তাহমিদুল ঝরনার নিচের খুমে পড়ে যায়, যা অন্যরা তৎক্ষণাৎ বুঝতে পারেনি। ফেরার সময় দলের একজনকে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করে। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি প্রথমে তাদের নজরে আসেনি, পরে বিকেলের দিকে তারা নিখোঁজের খবর পান। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাহমিদুলের পরিবার চট্টগ্রাম নগরের নাসিরাবাদ সিঅ্যান্ডবি কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। সে দুই ভাই ও এক বোনের মধ্যে মেজ ছিল।

তার বড় বোন নওশীন তাসনীমের বয়স ১৬ এবং ছোট ভাই তাওসিফুল কবির আহাদের বয়স চার বছর।