বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ করল বিজিবি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জন নারী-পুরুষকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার বা পুশইন করার একটি চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বড়লেখা উপজেলার লাতু ও পাল্লাথল সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় বৈরী আবহাওয়া ও রাতের অন্ধকারের সুযোগ নিয়ে বিএসএফ ওই ২০ জনকে বাংলাদেশে প্রবেশের জন্য বাধ্য করার চেষ্টা করে। তবে সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থানে থাকায় এবং নিয়মিত টহল জোরদার রাখায় বিএসএফের সেই পরিকল্পনা সফল হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন শুক্রবার দুপুরে জানান, বৈরী আবহাওয়ার সুযোগ কাজে লাগিয়ে বিএসএফ লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি পথ দিয়ে পুশইনের চেষ্টা চালিয়েছিল। বিজিবির টহল দলের তৎপরতায় সেই অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। বর্তমানে সীমান্তে বিজিবির সতর্ক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।