ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের এসি’র কপার পাইপ চুরির ঘটনায় আটক ১

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের ৮টি এসি’র কপার পাইপ চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনায় ইমরান (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ধারণা করা হচ্ছে, চুরি হওয়া এসব কপার পাইপের মূল্য ৭ থেকে ৮ লাখ টাকা।

মসজিদটির সাধারণ সম্পাদক মোঃ আশিকুল ইসলাম জানিয়েছেন, মসজিদের নিচতলা ও দোতলায় ৫ টনের মোট ৩৮টি এসি রয়েছে। এর মধ্যে দোতলায় বসানো এসিগুলোর আউটডোর ৩ তলার ছাদে স্থাপন করা হয়েছে। গত কয়েকদিন ধরেই চোরচক্র দোতলা থেকে ছাদ পর্যন্ত দীর্ঘ এসির কপার পাইপগুলো কেটে নিয়ে যাচ্ছিল। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পাইপ কাটার সময় মসজিদ রোডের নৈশপ্রহরী একজনকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইমরানকে থানায় নিয়ে যায়।

মসজিদ কর্তৃপক্ষ আরও জানায়, এসির পাইপ ছাড়াও মসজিদের পানির টেপ চুরির ঘটনা বেড়েছে এবং জুতা চুরির হারও বৃদ্ধি পেয়েছে। এদিকে, মসজিদ ছাড়াও আশেপাশের বেশ কয়েকটি ব্যাংকের এসি’র কপার পাইপও চুরি হওয়ার খবর পাওয়া গেছে। সদর মডেল থানার এসআই সঞ্জিব কুমার পাল জানান, আটক ইমরানের বাড়ি আখাউড়া বড়বাজার রেলগেইট সংলগ্ন মেথরপট্টি এলাকায়। তাকে আদালতে পাঠানো হয়েছে।