বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে (বিপিসি) ১৪টি ক্যাটাগরিতে ১৯ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিপিসির সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটিতে উপব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার, কনিষ্ঠ কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে স্থায়ীভাবে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ১৯ নভেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে শুরু হয়েছে এবং চলবে ১৯ ডিসেম্বর ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ষ্ঠ গ্রেডের উপব্যবস্থাপক (সাধারণ কর্মশাখা, পরিকল্পনা ও উন্নয়ন, হিসাব) এবং প্রোগ্রামার (আইটি) পদের বেতন স্কেল ৭১,০০০–১,৩৪,০০০ টাকা। ৯ম গ্রেডের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স, অর্থ, হিসাব, প্রশাসন, বণ্টন ও বিপণন) এবং সহকারী প্রোগ্রামার (আইটি) পদের বেতন স্কেল ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা। ১০ম গ্রেডের কনিষ্ঠ কর্মকর্তা (প্রশাসন) এবং উপসহকারী প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন, সাধারণ কর্মশাখা) পদের বেতন স্কেল ৩২,০০০–৭৭,৩০০ টাকা। এছাড়া ১৬তম গ্রেডের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উপব্যবস্থাপক (সাধারণ কর্মশাখা) পদের জন্য ৮ বছরের অভিজ্ঞতাসহ স্নাতকোত্তর অথবা ১০ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি প্রয়োজন। উপব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) পদের জন্য অর্থনীতি বা পরিসংখ্যানে স্নাতকোত্তর অথবা রসায়ন, যন্ত্র বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে। উপব্যবস্থাপক (হিসাব) পদের জন্য ৩ বছরের অভিজ্ঞতাসহ ইন্টারমিডিয়েট সিএ/থার্ড পার্ট আইসিএ অথবা ১০ বছরের অভিজ্ঞতাসহ বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রোগ্রামার (আইটি) পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ ৪ বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন। সহকারী ব্যবস্থাপক ও সহকারী প্রোগ্রামার পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি এবং ৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। কনিষ্ঠ কর্মকর্তা ও উপসহকারী প্রকৌশলী পদের জন্য স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য এইচএসসি বা সমমান পাস এবং বাংলা টাইপিংয়ে প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০ শব্দের গতি থাকতে হবে। পদভেদে বয়সের সীমা ৩২, ৩৩ ও ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের বিপিসির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। ১ থেকে ১৩ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ২২৩ টাকা এবং ১৪ নম্বর পদের জন্য ১১২ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ) নির্ধারণ করা হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার পর ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি দেওয়া যাবে।

