পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আগামী তিন বছরের মধ্যে ১ হাজারটি বৈদ্যুতিক বাস আমদানির বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানিয়েছেন, গণপরিবহন সেবার মান উন্নয়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বাসগুলোর মধ্যে ২০০টি প্রাথমিকভাবে ঢাকার অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য বরাদ্দ করা হবে এবং অবশিষ্ট বাসগুলো রাজধানীর বাইরের বিভিন্ন রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ঢাকার জন্য প্রথম ধাপে ৫০টি বাস আনা হবে এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১০০টি বাস যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বহরে ৫০টি গোলাপি রঙের বাস থাকবে, যা শুধুমাত্র নারী যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে এবং এগুলোর দৈর্ঘ্য হবে ৯ মিটার। এছাড়া, নারী ও পুরুষ উভয়ের জন্য লাল রঙের ৫০টি সাধারণ সার্ভিসের বাস থাকবে, যেগুলোর দৈর্ঘ্য হবে ১২ মিটার। বাসগুলোর সুনির্দিষ্ট আসনসংখ্যা এখনো চূড়ান্ত করা হয়নি, তবে আকার ও অভ্যন্তরীণ বিন্যাসের ওপর ভিত্তি করে তা নির্ধারণ করা হবে। ঢাকায় এই বাসগুলোর নির্বিঘ্ন পরিচালনার জন্য রক্ষণাবেক্ষণ ও কারিগরি সুবিধার জন্য প্রয়োজনীয় জায়গা বরাদ্দেরও পরিকল্পনা রয়েছে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বায়ুদূষণ রোধ করা এবং যাত্রীবান্ধব টেকসই পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের ধারাবাহিকতায় নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসি ইতোমধ্যেই নারী চালক পরিচালিত পিংক বাস সার্ভিস চালু করেছে। বিআরটিসির জেনারেল ম্যানেজার (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতিমা বেগম জানান, এই নতুন বাসগুলো পরিচালনার জন্য নারী চালকদের ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় নির্বাচিত নারী চালকদের ১ থেকে ৪ মাস মেয়াদী ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক মুহাম্মদ মাশিউজ্জামান জানিয়েছেন, প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণদের দৈনিক মজুরির ভিত্তিতে চালক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে এবং ভবিষ্যতে স্থায়ী নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। সরকার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্যে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৮ হাজার মানুষকে দক্ষ চালক হিসেবে গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে।
ফাতিমা বেগম আরও জানান, বিভিন্ন জরিপে দেখা গেছে নারী চালকরা পুরুষ চালকদের তুলনায় বেশি সতর্কতার সঙ্গে গাড়ি চালান। তিনি বলেন, বাংলাদেশের মতো পুরুষতান্ত্রিক মানসিকতা প্রধান সমাজে নারী চালক ও সহকারী দ্বারা পরিচালিত গণপরিবহনে নারী যাত্রীরা বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার পিংক বাস সার্ভিস চালু করেছে এবং ভবিষ্যতে এই সেবা আরও সম্প্রসারণ করা হবে।

