২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাবনার ভাঙ্গুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ে কৃষকদের চাষাবাদে উৎসাহিত করার লক্ষ্যে সরিষা, মসুর ও খেসারি ফসলের জন্য এই বিশেষ প্রণোদনা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফেরদৌস আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম এবং ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলমসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং উপকারভোগী প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, সরকারি এই কৃষি প্রণোদনার ফলে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি চাষে কৃষকদের আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং ফসলের উৎপাদন বৃদ্ধিতে এই উদ্যোগ একটি ইতিবাচক ভূমিকা রাখবে।

