দেশের বাজারে সয়াবিন তেলেও মিললো মাইক্রোপ্লাস্টিক

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে আলোচনার পর এবার দেশের বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেলেও ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর যৌথ উদ্যোগে পরিচালিত এই গবেষণাটি আন্তর্জাতিক পিয়ার-রিভিউড বিজ্ঞান সাময়িকী 'জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস'-এ প্রকাশিত হয়েছে। গবেষকদের ভাষ্যমতে, বাংলাদেশে ভোজ্যতেলে মাইক্রোপ্লাস্টিক শনাক্তের এটিই প্রথম বৈজ্ঞানিক গবেষণা।

গবেষণাটির জন্য ঢাকা শহরের তেজগাঁও, উত্তরা ও ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন সুপারশপ এবং খোলা বাজার থেকে মোট ৬০টি সয়াবিন তেলের নমুনা সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ব্র্যান্ডেড ও নন-ব্র্যান্ডেড উভয় ধরনের তেলই অন্তর্ভুক্ত ছিল। আধুনিক স্পেকট্রোস্কোপিক ও রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে দেখা গেছে, প্রতি লিটার সয়াবিন তেলে গড়ে ৫৩ হাজার ৯২২টি মাইক্রোপ্লাস্টিক কণা বিদ্যমান। এর মধ্যে খোলা তেলে প্রতি লিটারে গড়ে ৫৯ হাজার ৭৭৮টি এবং বোতলজাত তেলে ৪৮ হাজার ৬৭টি কণা পাওয়া গেছে। অর্থাৎ, খোলা তেলে দূষণের মাত্রা বোতলজাত তেলের চেয়ে প্রায় ১.২৪ গুণ বেশি, যার মধ্যে তেজগাঁওয়ের খোলা তেলের নমুনায় দূষণ ছিল সবচেয়ে বেশি।

পরীক্ষায় লো-ডেনসিটি পলিইথিলিন (LDPE), হাই-ডেনসিটি পলিইথিলিন (HDPE), পলিপ্রোপিলিন (PP), পলিইথিলিন টেরেফথ্যালেট (PET), পলিইউরেথেন (PU) এবং নাইলন—এই ছয় ধরনের প্লাস্টিক পলিমার শনাক্ত হয়েছে। গবেষকদের দাবি, ভোজ্যতেলে পলিইউরেথেন ও নাইলনের উপস্থিতি বিশ্বে প্রথমবারের মতো এই গবেষণায় নথিভুক্ত হলো। শনাক্ত হওয়া কণাগুলোর ৮২ দশমিক ৫ শতাংশই ফাইবার বা আঁশজাতীয় এবং ৫৬ দশমিক ২৯ শতাংশ ছিল স্বচ্ছ। এছাড়া ১০১ থেকে ৫০০ মাইক্রোমিটার আকারের কণার আধিক্য সবচেয়ে বেশি ছিল।

খোলা তেলে দূষণের পেছনে শিল্পকারখানার ঘনত্ব, টেক্সটাইল শিল্পের সান্নিধ্য, পাত্রের বারবার ব্যবহার এবং বাজারজাতকরণ প্রক্রিয়ার দুর্বলতাকে দায়ী করেছেন গবেষকরা। অন্যদিকে বোতলজাত তেলের ক্ষেত্রে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিংয়ের বিভিন্ন ধাপ দূষণের উৎস হতে পারে। গবেষণার প্রাক্কলন অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সয়াবিন তেল থেকে প্রতিদিন গড়ে ১৭ দশমিক ৬৫টি এবং বছরে প্রায় ৬ হাজার ৪৪১টি মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করছেন। শিশুদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি; তারা প্রতিদিন গড়ে ৭৭ দশমিক ২১টি এবং বছরে প্রায় ২৮ হাজার ১৮০টি মাইক্রোপ্লাস্টিক কণা শরীরে গ্রহণ করছে। একটি শিশু তার জীবদ্দশায় প্রায় ২০ লাখ ৯০ হাজার মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করতে পারে বলে গবেষকরা জানিয়েছেন।

দীর্ঘদিন শরীরে এসব প্লাস্টিক কণা প্রবেশ করলে পরিপাকতন্ত্রের সমস্যা, প্রদাহ, হরমোনের ভারসাম্যহীনতা, বিপাকীয় জটিলতা ও কোষের ক্ষয় হতে পারে। বিশেষ করে ১৩০ মাইক্রোমিটারের চেয়ে ছোট কণাগুলো কোষের দেয়াল ভেদ করে রক্তে মিশে যাওয়ার আশঙ্কা রয়েছে।