গুগল ম্যাপে দেশের বিভিন্ন এলাকার ভৌগোলিক তথ্য যুক্ত ও হালনাগাদের কাজে সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলাদেশ লোকাল গাইডস’ তাদের প্রতিষ্ঠার ১২ বছর পূর্তি এবং ৩০০তম মিটআপ উদযাপন করেছে। এ উপলক্ষে গত শনিবার (১৪ নভেম্বর) ঢাকার কেরানীগঞ্জের আটি এলাকার গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৫৪ জন স্বেচ্ছাসেবক এতে সরাসরি অংশ নেন।
অনুষ্ঠানে গুগলের আন্তর্জাতিক সম্মেলন ‘কানেক্ট লাইভ ২০২৬’-এ অংশ নেওয়া বাংলাদেশি প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। গত ৩০ ও ৩১ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওই সম্মেলনে বাংলাদেশ থেকে ছয়জন এবং বিদেশে অবস্থানরত তিনজন বাংলাদেশি প্রতিনিধি অংশ নিয়েছিলেন। সম্মেলনে মানচিত্রের তথ্যের নির্ভুলতা নিশ্চিতকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং গুগল ম্যাপসের ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে বিষদ আলোচনা হয়। এছাড়া আন্তর্জাতিক স্ক্যাভেঞ্জার হান্ট প্রতিযোগিতায় মোহাম্মদ পলাশের নেতৃত্বাধীন দল তৃতীয় স্থান অর্জন করার সাফল্যও সেখানে উদযাপন করা হয়।
দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে উপস্থিত স্বেচ্ছাসেবকদের জন্য ছয়টি বিশেষ প্রশিক্ষণ সেশন পরিচালনা করা হয়। এতে গুগল ম্যাপসে নতুন সড়ক যুক্ত করা, তথ্য হালনাগাদ, স্ট্রিট ভিউ সংযোজন, মানসম্মত ছবি ও পর্যালোচনা প্রকাশ, প্রতিবন্ধীবান্ধব স্থান চিহ্নিতকরণ এবং ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য অন্তর্ভুক্ত করার বিষয়ে ডিজিটাল কৌশল শেখানো হয়। পাশাপাশি কমিউনিটির নানা কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে সক্রিয় স্বেচ্ছাসেবকদের সম্মাননা দেওয়া হয়।
সংগঠনটির অতীত সফর ও লক্ষ্য তুলে ধরে বাংলাদেশ লোকাল গাইডসের প্রতিষ্ঠাতা মাহাবুব হাসান জানান, ২০১৪ সালের ৭ মার্চ ‘বাংলাদেশ ইনসাইডার’ নামে ক্ষুদ্র পরিসরে সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল। পরে ২০১৫ সালে নাম পরিবর্তন করে রাখা হয় ‘বাংলাদেশ লোকাল গাইডস’। সংগঠনটি পর্যায়ক্রমে ৫০, ১০০, ১৫০, ২০০ ও ২৫০তম মিটআপ পেরিয়ে এবার তাদের ৩০০তম আয়োজন সম্পন্ন করল।
তিনি আরও উল্লেখ করেন, শুরুতে ছোট উদ্যোগে কাজ শুরু হলেও ১২ বছরে সংগঠনটি বর্তমানে প্রায় ১৪ হাজার সদস্যের একটি বিশাল পরিবারে রূপ নিয়েছে। আগামী দিনে দেশের বিভিন্ন অঞ্চলে দক্ষ স্বেচ্ছাসেবক তৈরি করা, স্থানীয় পর্যটন কেন্দ্র ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য ডিজিটাল মানচিত্রে তথ্য হালনাগাদ রাখা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় প্রতিনিধিত্ব বাড়িয়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।

