সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার বিষয়টিকে কেন্দ্র করে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্যের মধ্যে ব্যাপক সমন্বয়হীনতা ও পরস্পরবিরোধিতা রয়েছে বলে অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। রোববার জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ের অসংলগ্ন বক্তব্যগুলো তুলে ধরেন।
রুমিন ফারহানা বলেন, বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিয়াছিলেন যে তিনি মরেন নাই’—এর মতোই শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন, যার সর্বশেষ উদাহরণ হিসেবে তিনি গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের নীতিনির্ধারকদের মধ্যে কোনো মিল নেই।
সংসদ সদস্য তার বক্তব্যে তুলে ধরেন যে, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জায়েদ উর রহমান গত ৯ নভেম্বর বলেছিলেন, সরকার শেখ হাসিনার দেশে ফেরা ঠেকাতে চায় না এবং তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও এখনো বাংলাদেশের নাগরিক। এর বিপরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির একই দিনে জানিয়েছিলেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না এবং কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেওয়ার পরিকল্পনা সরকারের নেই। আবার তাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে রুমিন ফারহানা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ নভেম্বর জানিয়েছিলেন যে, পাসপোর্ট ও এনআইডির আবেদনের সত্যতা যাচাই করা হয়নি এবং আইনগত ভিত্তি দেখে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে। এদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ৮ ও ১৪ নভেম্বর জানিয়েছেন, সরকার আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং শেখ হাসিনাকে ফেরানোর সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এখন বাকি সিদ্ধান্ত ভারতের।
রুমিন ফারহানা সরকারের এসব পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনা করে বলেন, যেখানে উপদেষ্টা পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিচ্ছেন, সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবেদনটিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করছেন। সরকারের বিভিন্ন পর্যায়ের এসব বক্তব্যের মধ্যে সমন্বয়হীনতার বিষয়টি তুলে ধরে বক্তব্য অব্যাহত রাখার একপর্যায়ে তার মাইক বন্ধ করে দেওয়া হয়।

