২০২৪ সালের গণঅভ্যুত্থানে সামরিক বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তাতে দেশের সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শনিবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই।

স্পিকার বলেন, দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা অত্যন্ত গৌরবের বিষয় এবং দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা কখনো জীবন উৎসর্গ করতে পিছপা হননি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, একাত্তরে ইস্টবেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন দেশের পাঁচটি ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। তবে মুক্তিযুদ্ধের পর ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেই অবদান ও কৃতিত্ব অস্বীকার করা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্বাধীনতার পরপরই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল। সাধারণ মানুষের জীবন রক্ষার তাগিদে সেদিন প্রশিক্ষণ ছাড়াই দেশের মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল এবং পৃথিবীর অন্য যেকোনো জাতির তুলনায় বাংলার দামাল সন্তানেরা বেশি সাহসী। তিনি গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, তাই টেকসই উন্নয়নের জন্য এর কোনো বিকল্প নেই।

বিগত ১৫ বছরের সময়কালকে দুঃশাসনের ইতিহাস হিসেবে উল্লেখ করে স্পিকার বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে। উদ্যত সঙ্গিনের সামনে শহীদ আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের সম্মুখসমরের স্মৃতিচারণ করেন এবং কর্নেল মোদাচ্ছির আলী খানের অসীম সাহসিকতার প্রশংসা করেন। তিনি বলেন, সামরিক বাহিনীতে কাটানো আট বছর ছিল তার জীবনের শ্রেষ্ঠ সময়। অনুষ্ঠানে সামরিক বাহিনীর জ্যেষ্ঠ অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ইস্টবেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।