ইয়েমেনের লাহিজ প্রদেশে সৌদি সেনাদের অবস্থানে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশের খারাজ এলাকায় সৌদি আরবের সেনাদের বিভিন্ন সমাবেশস্থলে অতর্কিত হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা ওই এলাকায় অবস্থানরত শত্রু সৌদি বাহিনী হিসেবে চিহ্নিত সেনাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি বাহিনীর ওপর এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, লাহিজ প্রদেশের খারাজ এলাকায় সৌদি সেনাদের বেশ কয়েকটি সমাবেশস্থল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাদের বাহিনী। তবে এই হামলার ঘটনায় হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

এদিকে, হুতিদের এসব দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। দক্ষিণ ইয়েমেনের ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রদেশ হলো লাহিজ। অঞ্চলটির একপাশে এডেন এবং অন্যদিকে ইয়েমেনের পশ্চিম উপকূলের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ যোগাযোগপথ রয়েছে। বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তার সঙ্গেও অঞ্চলটি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হওয়ায় এর বিশেষ গুরুত্ব রয়েছে।

এর আগেও এই অঞ্চলে হুতি বাহিনীর সঙ্গে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত এবং সৌদি আরবের সমর্থনপুষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।