শেনজেনে ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের প্রথম ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট সি চিনপিং আগামী সপ্তাহে চীনের শেনজেনে আয়োজিত একটি শীর্ষ সম্মেলনে মিলিত হতে যাচ্ছেন। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এটি হবে এই তিন বিশ্বনেতার মধ্যকার প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস।

আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় এই বৈঠকে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়টি নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মতে, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক। এছাড়া বৈঠকে ইরানে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের বিষয়টিও আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে এই ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনার কোনো সম্ভাবনা নেই।

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটন কিয়েভ ও মস্কোর সঙ্গে আলাদাভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে চীন এই আলোচনা প্রক্রিয়ার অংশ নয় বিধায় সেখানে ইউক্রেন প্রসঙ্গটি উপযুক্ত বলে মনে করছে না যুক্তরাষ্ট্র। এছাড়া এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগ বা চিপ প্রযুক্তি রপ্তানি নিয়ে চীনের সঙ্গে কোনো দর-কষাকষির পরিকল্পনা নেই ওয়াশিংটনের। কর্মকর্তারা জানিয়েছেন, রপ্তানি নিয়ন্ত্রণনীতি জাতীয় নিরাপত্তার বিষয়, যা প্রশাসন নিজস্ব বিবেচনায় নির্ধারণ করে।

এই সফরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইলন মাস্ক থাকলেও তিনি ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন না। তবে বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের একটি দ্বিপক্ষীয় বৈঠক ও কর্মমধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হবে। গত বছর ক্ষমতায় ফেরার পর চীনা প্রেসিডেন্টের সঙ্গে এটি হবে ট্রাম্পের চতুর্থ বৈঠক। পুতিনের সঙ্গে তার আলাদা কোনো একান্ত বৈঠকের সূচি নেই। ট্রাম্প সোমবার ওয়াশিংটন ত্যাগ করবেন এবং মঙ্গলবার ফিলিপাইনে আসিয়ান সম্মেলনে অংশ নেওয়ার পর শেনজেনে পৌঁছাবেন।