রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য আজ শনিবার (১৪ নভেম্বর) রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কুড়িগ্রাম শহরসহ জেলার নেসকোর আওতাধীন সব এলাকায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ৩৩ কেভি সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউস, বিজিবি, মোগলবাসা ও মেডিক্যাল পাড়াসহ বিভিন্ন এলাকায় ১১ কেভি বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, নির্ধারিত ১০ ঘণ্টার আগেই কাজ শেষ করার চেষ্টা করা হবে। তবে স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে কিছুটা বাড়তি সময় লাগতে পারে।
অপরদিকে, রংপুর নগরীর নুরপুর ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১১ কেভি নুরপুর ফিডারের আওতাধীন বিকন মোড়, ঠিকাদার পাড়া, পানাম মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নুরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নাসারী, মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামালকাছনা, চিরার মিল, ভ্যাট অফিস জি এল রায় রোড ও আড়ং শোরুমসংলগ্ন এলাকায় গাছের শাখা-প্রশাখা ছাঁটাই এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

