শহীদ ওসমান হাদির একটি উক্তি উদ্ধৃত করে ডা. মাহামুদা মিতু তার ফেসবুক পোস্টে লিখেছেন, হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না। এই ক্ষোভ থেকেই তিনি বৃহস্পতিবারের (১২ নভেম্বর) সংসদ অধিবেশনে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং একপর্যায়ে মেজাজ হারিয়ে ফেলেছিলেন বলে শুক্রবার জানিয়েছেন।
নিজের ফেসবুক পোস্টে তিনি জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসুদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর ভিত্তি করেই এই সংসদ দাঁড়িয়ে আছে। অথচ তাদের সঙ্গে যুক্তিতে পেরে না ওঠায় সংসদেই তুই-তুকারি করা হচ্ছে এবং বেয়াদব বলে অপমান করা হচ্ছে। কোনো বিষয়ে কথায় না পারলেই প্রতিপক্ষকে বেয়াদব আখ্যা দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
সংসদের ভেতরের উত্তপ্ত পরিস্থিতির বর্ণনা দিয়ে ডা. মিতু জানান, হান্নানকে যখন বারবার বস এবং বেয়াদব বলা হচ্ছিল, তখন তিনি চিৎকার করে প্রতিবাদ করেছিলেন। তিনি বলেন, হত্যার হুমকি ও বাড়িতে আগুন দেওয়ার মতো ভয়াবহ ঘটনা তো তাদের সাথেই ঘটছে। যারা আঁতাত করে রাজনীতি করেন, তারা কখনোই বুঝতে পারবেন না যে বাবা-মা, সন্তান ও নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে বুকের ভেতর কতটা সাহস লাগে।
নিরাপত্তাহীনতার বিষয়ে এই সংসদ সদস্য আরও জানান, গত সাত দিন ধরে তিনি সরাসরি ফোনে এবং হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন। এর আগেও তিনি এমন হুমকির সম্মুখীন হয়েছেন। তবে বিষয়টি সামনে আনলেও নুসরাতের ঘটনার মতোই এটিকে লঘু করে দেখার চেষ্টা করা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

