ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে বাপেক্স

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি গভীর নলকূপ খননের সময় পাওয়া প্রাকৃতিক গ্যাসের অগ্নিকাণ্ড টানা ১৮ দিন ধরে অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ও গ্যাস নিয়ন্ত্রিতভাবে উত্তোলনের লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) এখন জোর প্রস্তুতি শুরু করেছে। শুক্রবার সকাল থেকে লরি ও ক্রেনের সহায়তায় খনন ও গ্যাস উত্তোলনের প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি, পাইপ এবং অন্যান্য কারিগরি সরঞ্জাম ঘটনাস্থলে পৌঁছানো শুরু হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার জানিয়েছেন, গত ২৭ অক্টোবর জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীর থেকে গ্যাস বেরিয়ে আসার পর থেকেই প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

বাপেক্সের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করে গ্যাসের চাপ, প্রবাহ এবং ভূতাত্ত্বিক গঠন নিয়ে নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে। বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন জানান, দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ ও চাপ স্থিতিশীল পাওয়া গেছে। এখন নিরাপত্তা নিশ্চিত করে আগুন নিয়ন্ত্রণে এনে বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস উত্তোলনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, পর্যবেক্ষণ শেষে বাপেক্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।

বিশেষজ্ঞদের ধারণা, দীর্ঘ সময় ধরে একই ধরনের চাপে গ্যাস বেরিয়ে আসাটা কোনো ছোট পকেটের পরিবর্তে ভূগর্ভে বড় ধরনের গ্যাস মজুতের ইঙ্গিত হতে পারে। তবে সিসমিক সমীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়া গ্যাসের প্রকৃত মজুত কিংবা বাণিজ্যিক সম্ভাবনার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।