মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে গভীর রাতে বেশ কয়েকবার শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালির কাছে হরমোজগান প্রদেশে অবস্থিত শহরটিতে ঘটা এই বিস্ফোরণগুলো সামরিক ধরনের হামলা বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা ও আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সরকারি সূত্রগুলো সিরিক শহরে হামলার বিষয়টি নিশ্চিত করলেও, কারা এই হামলা চালিয়েছে কিংবা এর লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এছাড়া হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়েও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম হামলাকারীদের ‘শত্রুপক্ষ’ হিসেবে উল্লেখ করলেও নির্দিষ্ট কোনো দেশের নাম জানানো হয়নি। হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে প্রভাব পড়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট-ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এর আগে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল, সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণ হয়েছে। ওই সময় কিছু সূত্র ধারণা করেছিল, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের দায়ে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে এই বিস্ফোরণ হতে পারে। তবে পরবর্তী সময়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এটিকে সামরিক হামলা হিসেবে উল্লেখ করে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিক শহরটি হরমুজ প্রণালির পূর্ব দিকে অবস্থিত। এই নৌপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হওয়ায় হরমুজ প্রণালির আশপাশে যেকোনো ধরনের সামরিক অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে থাকে।

