বাংলাদেশ সফরে জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও এর প্রভাব মূল্যায়নে জাতিসংঘের বিশেষ দূত কেলি ই. কারি আজ বুধবার (১১ নভেম্বর) ঢাকায় আসছেন। তিনি ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। বুধবার জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার দপ্তর এক বিবৃতিতে তাঁর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

সফরকালে বিশেষ দূত কেলি কারি মূলত মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির বাংলাদেশের ওপর যে প্রভাব পড়ছে, তা মূল্যায়ন করবেন। বিশেষ করে রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি, দেশটির চলমান সশস্ত্র সংঘাত এবং রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক অবস্থার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেবেন।

তাঁর এই সফরসূচিতে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী এবং বেঁচে যাওয়া রোহিঙ্গাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে। এছাড়া তিনি ঢাকা ও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো সরেজমিন পরিদর্শন করবেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে ভবিষ্যতে সহযোগিতার নানা সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

এর আগে মিয়ানমার সফরের জন্য দেশটির সামরিক সরকারের কাছে আনুষ্ঠানিক অনুমতি চেয়েছিলেন কেলি কারি। তবে মিয়ানমারের সামরিক সরকার জানিয়েছে, এই মুহূর্তে তারা তাঁর সফরের আয়োজন করতে প্রস্তুত নয়।

বাংলাদেশ সফর শেষে আগামী ১৮ নভেম্বর বুধবার দুপুর ২টায় ঢাকার জাতিসংঘ ভবনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে তিনি তাঁর সফরের পর্যবেক্ষণ এবং প্রাপ্ত তথ্য তুলে ধরবেন।