দেশের বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত গাড়ি-ট্রেনে আগুন, ভাঙচুর ও ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে দেশের অনেক এলাকায় সড়ক অবরোধ করা হয়েছে এবং বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় পেট্রলবোমা ও ককটেল হামলা চালানো হয়েছে। পুলিশ সদর দপ্তর ও ডিএমপির তথ্য অনুযায়ী, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে এবং অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে এই নাশকতা চালাচ্ছেন। নাশকতার বিভিন্ন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতেও দেখা গেছে নিষিদ্ধ সংগঠনের অনেক নেতা-কর্মীকে।
সোমবার গভীর রাতে ফরিদপুরে একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে মো. কালাচান নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা কালাচান ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন জানান, মোটরসাইকেলে আসা তিনজনের একজন পেট্রল ঢেলে বাসে আগুন দিলে চালক বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ জানান, রাত ১টা ৫৫ মিনিটে খবর পেয়ে তারা আগুন নেভাতে সক্ষম হন।
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানান, সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়া কাশিয়ানীসহ জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় সোমবার রাতের নাশকতার জন্য আটজনকে গ্রেপ্তার করেছে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানিয়েছেন, মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
নেত্রকোনার মোহনগঞ্জে হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভোর সাড়ে চারটার দিকে ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর ‘ঢ’ নম্বর বগিতে আগুন দেখা যায়, এতে চারটি আসন পুড়ে গেছে। এর আগে রাতে নেত্রকোনার চল্লিশা এলাকায় রেললাইনেও আগুন দেওয়া হয়েছিল।
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধারের ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রধান ফটকের সামনে বস্তু দুটি পাওয়া গেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে পেছনের ফটক দিয়ে বের করা হয়। এছাড়া রাজশাহীর বিভিন্ন স্থানে ও নওগাঁয় বাস পোড়ানোর ঘটনা ঘটেছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুর, বরগুনা, মানিকগঞ্জ, নওগাঁ, কিশোরগঞ্জ, নাটোর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজশাহী, কুড়িগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, ফেনী, নেত্রকোনা, খাগড়াছড়ি, খুলনা, নোয়াখালী ও লালমনিরহাটসহ অন্তত ২১টি জেলায় নাশকতার খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে সড়ক অবরোধের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসের ফটকে তালা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। ঢাকা মহানগরীতে ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

