নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত, আইসিইউতে ৪ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে আগুনে তৈরি হওয়া বিষাক্ত ধোঁয়ায় বেশ কয়েকজন শিক্ষার্থী মারাত্মক শ্বাসকষ্টে ভুগছেন। আগুনের ধোঁয়ায় চিকিৎসাধীনদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আক্রান্তদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে, যার মধ্যে এক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন রোগীদের সবশেষ শারীরিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, দগ্ধ ও ধোঁয়া আক্রান্ত রোগীদের জন্য প্রাথমিক ৭২ ঘণ্টা অত্যন্ত সংকটাপন্ন ও ঝুঁকিপূর্ণ। তাই এই মুহূর্তে কাউকেই বিপদ মুক্ত বলার উপায় নেই।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ঘটনার পর থেকে এ পর্যন্ত পর্যায়ক্রমে ৭৭ জন রোগী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। তাদের মধ্য থেকে ১৪ জনকে ইতোমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। ডেবিলকোপ ও গুরুতর আক্রান্ত রোগীদের শরীরে অক্সিজেনের মাত্রা ধরে রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত বের হচ্ছে। এ ছাড়া ভর্তি অনেকেরই তীব্র মাথাব্যথা, চোখে জ্বালাপোড়া, পেটে ব্যথা ও শ্বাসকষ্টের মতো শারীরিক সমস্যা দেখা গেছে।

অধ্যাপক ডা. রবিউল করিম খান পাপন ব্যাখ্যা করে বলেন, আগুনের বিষাক্ত ধোঁয়া শ্বাসের মাধ্যমে ভেতরে প্রবেশ করলে শ্বাসনালি পুড়ে যেতে পারে। এর ফলে ফুসফুস ও শরীরে অক্সিজেনের স্বাভাবিক সঞ্চালন ব্যাহত হয় এবং রক্তে অক্সিজেনের পরিমাণ দ্রুত কমে যায়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা চারজনের মধ্যে লাইফ সাপোর্টে থাকা রোগীর চিকিৎসায় একজন পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্র বিশেষজ্ঞ নিয়োজিত আছেন। পাশাপাশি যাদের চোখ পুড়ে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সেবায় যুক্ত করা হয়েছে চক্ষু বিশেষজ্ঞ। পুরো চিকিৎসা প্রক্রিয়াটি একটি সমন্বিত ক্রিটিক্যাল কেয়ার টিম পর্যবেক্ষণ করছে।

সংকটাপন্ন রোগীর তাৎক্ষণিক চিকিৎসায় ইতোমধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা ও পরবর্তী ছাড়পত্রের সিদ্ধান্ত নিতে দুপুর ১২টায় আরেকটি মেডিকেল বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া অগ্নিকাণ্ডের পর আতঙ্কিত হয়ে (প্যানিক অ্যাটাক) কিছু শিক্ষার্থী হাসপাতালে এসেছিলেন, যাদের বড় একটি অংশ এখন সুস্থ রয়েছেন। চিকিৎসকদের বিবেচনায় যারা বাসায় থেকে সুস্থ হওয়ার উপযোগী, তাদের পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়া হবে।

সংবাদ ব্রিফিংকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম এবং ইমার্জেন্সি আরএস সুলতান মাহমুদসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।