নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাগজান গ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি প্রণোদনার অর্থ ও চাল আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহর বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার দাপট দেখিয়ে তিনি প্রণোদনার তালিকায় নিজের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়দের নাম অন্তর্ভুক্ত করেছেন এবং ভুয়া নাম ব্যবহার করে টাকা তুলে নিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, প্রণোদনার তালিকায় ইউপি সদস্য আব্দুল্লাহ নিজেই ২৫০ নম্বরে নাম লিখিয়েছেন। এ ছাড়া তার পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন মেজো ভাই (২১৭), বড় ভাই আব্দুল মন্নাফ (২৫৪), বড় ভাইয়ের স্ত্রী বিউটি আক্তার (২৫৫), বাবা আজির উদ্দিন (২৫৭), শ্যালক এনামুল হক (২৫৮), শ্যালিকা আইরিন আক্তার (২৯৩), ভায়রা ভাই সানোয়ার হোসেন (২৯৪), এবং অপর এক ভাইয়ের স্ত্রী হাফসা আক্তার (২৯৬)। তালিকায় ভাগ্নি জামাই হোসেন মিয়ার নাম ২৪৫ নম্বরে এবং চাচাতো ভাই জামাল হোসেনের নাম ২০৭ ও ২৬১ নম্বরে দুইবার রয়েছে। এছাড়া নুপুর নামে একটি ভুয়া নামও তালিকায় যুক্ত করা হয়েছে বলে স্থানীয়রা জানান।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, গত বোরো মৌসুমে অতিবৃষ্টিতে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার পর সরকার কৃষকদের সহায়তার জন্য প্রণোদনা ঘোষণা করে। কিন্তু মেম্বারের স্বেচ্ছাচারিতার কারণে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। স্থানীয়রা আরও অভিযোগ করেন, আব্দুল্লাহ আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু সরকার পরিবর্তনের পর বর্তমানে তিনি বিএনপির কর্মী হিসেবে প্রভাব বিস্তার করছেন। এলাকায় মসজিদের ইমামকে হেনস্তাসহ নানা অনিয়মের অভিযোগ থাকলেও ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না।
এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল্লাহর কাছে জানতে চাওয়া হলে তিনি অভিযোগগুলো অস্বীকার করেন। তিনি দাবি করেন, তালিকায় এই নামগুলো কীভাবে এল বা কারা অর্থ উত্তোলন করেছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ কাদের জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

