খাগড়াছড়িতে একটি জিপ গাড়ি এবং গুইমারার বড়পিলাক এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে জেলা শহরের পানখাইয়া পাড়া রোডে দাঁড়িয়ে থাকা মো. এমাজ উদ্দিন শাহীনের মালিকানাধীন একটি জিপ গাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। জিপ গাড়ির মালিক জানান, প্রতিবেশী ও বাজারের নাইট গার্ডের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে দেখেন। একই সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে রাস্তায় অগ্নিসংযোগ করে।
একই দিনে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী অভিযোগ করেন, চলমান কর্মসূচির অংশ হিসেবেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে রাতেই বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয়জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান জানান, খবর পাওয়ার পর তাদের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এছাড়া দীঘিনারার সাত মাইল, মাটিরাঙ্গার রিচাং ঝরনা এবং গুইমারার বুদং পাড়া এলাকায় গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করা হলে ফায়ার সার্ভিসের কর্মীরা সেগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলুকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

