কুড়িগ্রামে টাউন হলে ঢুকতে বাধা পেয়ে ছুরিকাঘাতে পৌর কর্মচারী খুন

কুড়িগ্রাম শহরের কলেজ মোড় এলাকায় অবস্থিত পৌর টাউন হল মিলনায়তনে প্রবেশে বাধা দেওয়ায় মোহাম্মদ মনসুর আলী (৬০) নামে এক পৌর কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনসুর আলী পৌর টাউন হলের তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাস টার্মিনাল ছয়ানিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি চলছিল। অনুষ্ঠান শেষে মো. শাহনেওয়াজ ওরফে সানি (৩২) নামে এক যুবক মিলনায়তনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে মনসুর আলী তাকে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে সানি সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে মনসুর আলীর বুকে আঘাত করেন। এসময় স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে মনসুর আলীর স্ত্রী মল্লিকা বেগমও (৫৫) আহত হন।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনসুর আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী মল্লিকা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নূরে নেওয়াজ জানান, দুজনকে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক একজনকে মৃত অবস্থায় পান এবং অন্যজনকে চিকিৎসাধীন রাখা হয়েছে।

এদিকে, ঘটনার পরপরই উপস্থিত লোকজন অভিযুক্ত যুবক সানিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আটক সানি একই ওয়ার্ডের সরদারপাড়া এলাকার মোহাম্মদ জুলহাসের ছেলে বলে জানা গেছে।