ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের বিরোধিতায় সড়ক ও রেলপথ অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে স্থানীয়রা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন। রোববার সকাল সাতটা থেকে সদর উপজেলার কোড্ডা লেভেলক্রসিং এলাকায় এই অবরোধের ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথ এবং আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে চার ঘণ্টা দুর্ভোগের পর বেলা ১১টা ২০ মিনিটে আলোচনার আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। তবে দাবি পূরণের জন্য তারা তিন দিনের আলটিমেটাম দিয়েছেন।

অবরোধের কারণে সকাল আটটা থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস। অবরোধ ওঠার পর ১১টা ৫৪ মিনিটে ট্রেনটি গন্তব্যে রওনা হয়। এছাড়া ভৈরব স্টেশনে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস আটকা পড়ে। চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস, ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বিঘ্নিত হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া সদর উপজেলার তিনটি ইউনিয়ন, বিজয়নগরের একটি ইউনিয়ন এবং ছয়টি গ্রাম নিয়ে নতুন ‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব দিয়েছেন। স্থানীয়দের দাবি, এই পরিকল্পনার বিষয়ে স্থানীয় সরকার বিভাগে দাপ্তরিক চিঠি পাঠানো হলেও জেলা প্রশাসন বিষয়টি গোপন রেখেছে। তারা এই প্রস্তাব কোনোভাবেই মেনে নেবেন না।

সকাল থেকে কোড্ডা লেভেলক্রসিং এলাকায় বাসুদেব ইউনিয়নসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা সমবেত হন। অবরোধস্থলে বক্তব্য দেন বাসুদেব ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মহিউদ্দিন ভুইয়া, সাবেক চেয়ারম্যান নেসার উদ্দিন শের শাহ, জেলা আইন ফোরামের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মামুন পাঠান এবং সদর উপজেলা বিএনপির সদস্য শিপন ভুইয়া। বক্তারা নতুন উপজেলা করার প্রস্তাব বাতিল এবং বাসুদেবের ছয়টি গ্রামকে পুনরায় মূল ইউনিয়নের সঙ্গে যুক্ত করে অখণ্ড বাসুদেব ইউনিয়ন ঘোষণার দাবি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরবর্তীতে সংসদ সদস্য খালেদ হোসেনের প্রতিনিধি হিসেবে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি তারেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। ১০ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনার সুযোগ পাওয়ার আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। চলতি বছরের মে মাসে সদর উপজেলার ছয়টি গ্রাম নিয়ে ‘বরিশল’ ইউনিয়ন গঠনের পর ৪ জুন গেজেট প্রকাশিত হয়, যা নিয়ে শুরু থেকেই স্থানীয়রা ক্ষুব্ধ ছিলেন। জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া বরিশল গ্রামের বাসিন্দা এবং তাঁর বাবা ফজলুর রহমান ভূঁইয়া বর্তমানে বরিশল ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে আছেন।