জাতিসংঘের গোপন প্রতিবেদন: সুদানে আরএসএফের হয়ে লড়ছে আমিরাতের ভাড়াটে যোদ্ধা

সুদানে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) পক্ষে যুদ্ধ করতে কলম্বিয়ার ভাড়াটে যোদ্ধাদের সেখানে পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সম্প্রতি জাতিসংঘের তদন্তকারীদের তৈরি করা একটি গোপন প্রতিবেদনে এ বিষয়ে অকাট্য প্রমাণ মেলার তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জমা দেওয়া প্রতিবেদনটির একটি অনুলিপি পেয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। কঠোর গোপনীয় হিসেবে চিহ্নিত এ নথিটি প্রকাশ্যে আনা হবে না।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আমিরাত সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা নিরাপত্তা প্রতিষ্ঠান গ্লোবাল সিকিউরিটি সার্ভিসেস গ্রুপ (জিএসএসজি) কলম্বীয় ভাড়াটে যোদ্ধাদের সুদানে পাঠানোর বন্দোবস্ত করে। এসব যোদ্ধাদের লিবিয়া, সোমালিয়া ও চাদের বিস্তীর্ণ অঞ্চল দিয়ে সুদানে নেওয়া হয়, যেসব এলাকায় আমিরাত-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রভাব রয়েছে। এর মধ্যে সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডের বোসাসোয় অবস্থিত পুন্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্সের (পিএমপিএফ) ঘাঁটিটি যোদ্ধাদের যাতায়াত ও প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। আমিরাতের সামরিক বাহিনী পিএমপিএফকে সরাসরি অর্থায়ন, প্রশিক্ষণ ও তদারকি করে থাকে।

জাতিসংঘের তদন্তকারীদের মতে, সুদানে পাঠানোর আগে কলম্বীয় যোদ্ধাদের আমিরাতের আবুধাবি, গায়াথি ও আল-ওয়াথবার পাশাপাশি সোমালিয়ার বোসাসো ঘাঁটিতে প্রশিক্ষণ দেওয়া হয়। এই ভাড়াটে যোদ্ধারা দারফুর অঞ্চলে আরএসএফের সামরিক অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে উত্তর দারফুরের রাজধানী এল-ফাশের দীর্ঘ অবরোধ ও দখলের সময় তারা সক্রিয়ভাবে অংশ নেন। সেখানে তারা ড্রোন পরিচালনা, কামান দাগানো এবং পদাতিক বাহিনীর সঙ্গে মিলে সরাসরি যুদ্ধ পরিচালনা ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে ৫০০ দিনেরও বেশি সময় ধরে টানা অবরোধ চালিয়ে উত্তর দারফুরের রাজধানী এল-ফাশের পুরোপুরি দখলে নেয় আরএসএফ। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে মিডল ইস্ট আই জানায়, ওই অভিযানের সময় আরএসএফ যোদ্ধারা হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজির নিশানা করে। এমনকি আটক ব্যক্তিদের থেকে জোরপূর্বক রক্ত সংগ্রহের জন্য আরএসএফ সাময়িক চিকিৎসাকেন্দ্র গড়ে তুলেছিল বলেও অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কলম্বীয় ভাড়াটে সেনা ছাড়াও লিবিয়ার খলিফা হাফতারের পরিবার ও তাদের নিয়ন্ত্রিত মিলিশিয়া এলাকা ব্যবহার করে আরএসএফের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়। এছাড়া ইথিওপিয়া, চাদ এবং সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল পুন্টল্যান্ড ও সোমালিল্যান্ডের মধ্য দিয়েও এসব চালান পৌঁছে দেওয়া হয়। সোমালিল্যান্ডকে ইসরায়েল স্বীকৃতি দিয়েছে এবং পুন্টল্যান্ড ও সোমালিল্যান্ড উভয়ের সঙ্গেই আমিরাতের নিবিড় সুসম্পর্ক রয়েছে।

তবে আমিরাত এবং সরবরাহ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত অন্যান্য পক্ষগুলো এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। মিডল ইস্ট আই থেকে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সরাসরি বক্তব্য মেলেনি। তবে প্রতিবেদনের সঙ্গে যুক্ত করা এক চিঠিতে আমিরাত সুদান সংঘাত সংক্রান্ত কোনো অপকর্মে যুক্ত থাকার দাবি প্রত্যাখ্যান করেছে এবং ভাড়াটে সেনা সম্পর্কিত অভিযোগকে গুরুত্বের সঙ্গে নেওয়ার কথা জানিয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদান যুদ্ধে আরএসএফের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ এনেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র।

সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কূটনীতিক লানা নুসেইবেহ যখন জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের জন্য জোর প্রচারণা চালাচ্ছেন, ঠিক তখনই এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। এ বিষয়ে যুক্তরাজ্যে নিযুক্ত সুদানের রাষ্ট্রদূত বাবিকার আল-সিদ্দিক আল-আমিন সতর্ক করে বলেছেন, সুদানে আরএসএফকে আমিরাতের মদদ দেওয়ার বিষয়টি আড়াল করতে নুসেইবেহর প্রার্থিতাকে ঢাল হিসেবে ব্যবহার করা উচিত নয়। তিনি মহাসচিব নির্বাচিত হলে জাতিসংঘের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বড় প্রশ্নের মুখে পড়বে বলে মনে করেন এই রাষ্ট্রদূত।

নুসেইবেহ ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত জাতিসংঘে আমিরাতের স্থায়ী প্রতিনিধি ছিলেন এবং নিরাপত্তা পরিষদ ও বিশ্ব সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সুদান সংঘাত বিষয়ে নিজেকে নিরপেক্ষ দাবি করলেও আমিরাতের বিরুদ্ধে ওঠা সরাসরি অভিযোগ এড়িয়ে চলছেন। যদিও সম্প্রতি পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আরএসএফের নৃশংসতার জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং তিনি জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলকে সমর্থন দেন।

এর আগে এ বছর প্রকাশিত জাতিসংঘের আরেকটি প্রতিবেদনেও এল-ফাশের হামলায় আমিরাত কর্তৃক আরএসএফকে ভাড়াটে যোদ্ধা দেওয়ার প্রমাণ মিলেছিল। জুলাই মাসে সেই তথ্য উপস্থাপনের পর আমিরাত সেটিকে ‘ত্রুটিপূর্ণ’ দাবি করে সংশোধনের আহ্বান জানায় এবং আমিরাতের ঘনিষ্ঠ মিত্র বাহরাইন নিরাপত্তা পরিষদে প্রতিবেদনটি আটকে রাখে। এছাড়া গত সেপ্টেম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক জানায়, সুদানে আমিরাতের সমালোচক ও জাতিসংঘের বিশেষজ্ঞদের বিরুদ্ধে চালানো বিভ্রান্তিকর অনলাইন প্রচারণার পেছনে আমিরাত সরকার সরাসরি যুক্ত। অন্যদিকে, নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে জিএসএসজি নামক যে প্রতিষ্ঠানটি কলম্বীয় যোদ্ধা পাঠিয়েছে, সেটি আমিরাতের প্রেসিডেন্সির এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রতিষ্ঠা করেছিলেন।

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১২: ০৫আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১২: ১৩