জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিন সদস্যসহ নিহত ৪

জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের তিন সদস্যসহ মোট ৪ জন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ২ জন।

নিহতরা হলেন—ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) ও তাদের আট মাস বয়সী শিশুকন্যা রিফা এবং মেলান্দহ উপজেলার বকুলতলার শওকত হাসান লিখন (৪৫)। শওকত হাসান লিখন মোটরসাইকেলযোগে গন্তব্যে যাচ্ছিলেন। আহতদের মধ্যে রয়েছেন শিহাটা এলাকার হযরত আলী (৩৫) এবং মো. শাকিল মিয়া (১৬)।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল শওকত হাসান লিখনের মোটরসাইকেলটি। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এরপর ট্রাকটি অটোরিকশাটিকেও চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোরশেদ আলমের মৃত্যু হয়। তার স্ত্রী ইকরামা ও শিশুসন্তান রিফাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিখনের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহত বাকিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি স্থানীয়রা আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটকের জন্য পুলিশি অভিযান চলছে।