ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা, গ্রেফতার দুই ভাইবোন

ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর (হাজি পাড়া) এলাকায় একটি চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসার অভিযোগে দুই আপন ভাইবোনকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ৬ নভেম্বর বুধবার রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে মোসাঃ বাবলি (২৬) ও মোঃ রুবেল রানা (৩২) নামের ওই দুইজনকে আটক করা হয়। তাদের উভয়ের বাবা ছোট বাবু এবং মা মোসাঃ মেরিনা বেগম।

অভিযানের সময় পুলিশ তল্লাশি চালিয়ে বাবলির মাথার চুলের খোপার ভেতর থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়াও তাদের কাছ থেকে মাদক বিক্রির ১৪ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। ঠাকুরগাঁও ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তারা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে চায়ের দোকানের ব্যবসার আড়ালে মাদক কেনাবেচা করে আসছিল।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল জানান, পুলিশ সুপার মো: বেলাল হোসেনের নির্দেশনায় জেলায় মাদক ও অনলাইন জুয়া বিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হরিহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্ত রুবেলের বিরুদ্ধে এর আগেও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। বর্তমানে এই ঘটনায় আইনানুগ মামলার প্রক্রিয়া চলছে।