খুলনায় রেলস্টেশনের দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপন

খুলনা নগরীর শিববাড়ী মোড় সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে ওই দেয়ালে সাঁটানো হয়েছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার। শুক্রবার (০৬ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম) প্রাপ্ত খবরে জানা যায়, সকালে স্থানীয় বাসিন্দারা এ দৃশ্য দেখতে পান। ইতিহাস ও সংস্কৃতির স্মারক হিসেবে নির্মিত একটি চিত্রকর্ম এভাবে বিকৃত করার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধন উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশের দেয়ালে দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় শিববাড়ী মোড় সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে স্থান পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরসহ বিভিন্ন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি। তবে শুক্রবার সকালে পথচারী ও স্থানীয়রা দেখতে পান, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় কবিগুরুর প্রতিকৃতির মুখমণ্ডল কালো কালিতে ঢেকে দিয়েছে এবং পাশে অসৌজন্যমূলক পোস্টার টানিয়ে দিয়েছে।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে প্রাথমিক অবস্থায় পুলিশের কাছে কোনো তথ্য ছিল না। এ ছাড়া এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগও দায়ের করেনি। তবে বিষয়টি নজরে আসার পর পুলিশ পুরো ঘটনার সত্যতা ও জড়িতদের পরিচয় নিশ্চিত করতে খোঁজখবর নেওয়া শুরু করেছে।