জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট খরা, বন্যা ও তীব্র তাপপ্রবাহের মুখে চরম মানবিক ঝুঁকিতে পড়েছেন প্রায় ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ। শুক্রবার (৬ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ ভয়াবহ চিত্র তুলে ধরেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এতে সতর্ক করে বলা হয়েছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা এই জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা জোরদার করতে আন্তর্জাতিক সহায়তা ও অর্থায়ন বাড়ানো জরুরি।

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলন 'কপ৩১' (COP31)-কে সামনে রেখে আন্তর্জাতিক প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, জোরপূর্বক বাস্তুচ্যুত মোট জনগোষ্ঠীর প্রায় তিন-চতুর্থাংশই আফগানিস্তান ও বাংলাদেশের মতো মারাত্মক জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোতে বসবাস করছেন। প্রতিবেদনে সংঘাত, বাস্তুচ্যুতি ও প্রতিনিয়ত বদলে যাওয়া জলবায়ুর মধ্যকার বহুমুখী সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়েছে।

সংঘাতময় ও বাস্তুচ্যুত এলাকায় জলবায়ুর নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়াকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার (কার্যক্রম) আন্তন লেইস গার্সিয়া। তিনি জোর দিয়ে বলেন, যেসব জনগোষ্ঠীর সবচেয়ে বেশি জরুরি সহায়তা প্রয়োজন, তাদের কাছে জলবায়ু তহবিল পৌঁছানো নিশ্চিত করতে হবে। ইউএনএইচসিআরের পর্যবেক্ষণ অনুযায়ী, বৈরী জলবায়ুর কারণে এখন বাস্তুচ্যুত মানুষদের নিজ দেশে ফিরে স্থায়ীভাবে বসবাস করাও কঠিন হয়ে পড়ছে। পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে নিজ ভিটেমাটিতে ফিরে যাওয়া দুই-তৃতীয়াংশের বেশি শরণার্থী এমন সব দেশে গিয়েছেন, যেগুলো চরম জলবায়ু ঝুঁকিতে জর্জরিত।

উদাহরণ হিসেবে সিরিয়ার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে সম্প্রতি প্রায় ৪০ লাখ বাস্তুচ্যুত মানুষ ঘরে ফিরলেও ক্রমবর্ধমান পানির সংকট ও অনিমিত বৃষ্টির সম্মুখীন হচ্ছেন। এছাড়া গত মে মাসে ইউফ্রেটিস নদীর তীরবর্তী অঞ্চলে ভয়াবহ বন্যায় বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় আবার হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হন। অন্যদিকে আশঙ্কা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে সাব-সাহারান আফ্রিকার প্রতি তিনটি শরণার্থীশিবিরের একটিতে বছরে অন্তত ১০০ দিন বিপজ্জনক মাত্রার তাপমাত্রা থাকতে পারে। ইথিওপিয়ার হেলাওয়েইনসহ বেশ কিছু ক্যাম্পে বছরে ২০০ দিনের বেশি সময় তীব্র গরম বিরাজ করার ঝুঁকি রয়েছে, যা হিটস্ট্রোক ও অকালমৃত্যুর আশঙ্কা বাড়িয়ে তুলবে।

জাতিসংঘের এই প্রতিবেদনে উঠে এসেছে, বাস্তুচ্যুত মানুষের অনেকেরই শীতল পরিবেশ, সুপেয় পানি কিংবা নির্ভরযোগ্য জ্বালানি ব্যবহারের সুযোগ নেই। এর ফলে তীব্র দাবদাহ ও দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করা তাদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সংস্থাটি এশিয়ার বিভিন্ন প্রান্তেও খরা, বন্যা ও তীব্র ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাড়ার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে। পাশাপাশি শক্তিশালী 'এল নিনো' পরিস্থিতির পূর্বাভাস সত্যি হলে শরণার্থী আশ্রয়দাতা দেশগুলোতে প্রাকৃতিক বিপর্যয় আরও কঠিন রূপ নিতে পারে। চলতি বছরের শেষ নাগাদ পূর্ব আফ্রিকার সোমালিয়া, কেনিয়া, দক্ষিণ সুদান ও উগান্ডায় ভয়াবহ বন্যায় প্রায় ৩০ লাখ মানুষ নতুন করে বাস্তুচ্যুত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

কপ৩১ সম্মেলনে অংশ নেওয়া বৈশ্বিক নেতৃত্ব ও অর্থায়নকারী সংস্থাগুলোর প্রতি অভিযোজন উদ্যোগে বরাদ্দ বাড়ানোর আকুল আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর। বর্তমানে জলবায়ু মোকাবিলায় প্রদত্ত বৈশ্বিক অর্থের মাত্র ১০ শতাংশের মতো পৌঁছায় সংঘাত ও চলমান সংকটে থাকা অঞ্চলগুলোতে। এর আগে গেল বুধবার প্রকাশিত জাতিসংঘের অপর এক প্রতিবেদনে বলা হয়েছিল, উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অভিযোজনে বছরে ৩০ হাজার ৫০০ কোটি ডলার প্রয়োজন হলেও ধনী দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষায় এখনো বেশ পিছিয়ে রয়েছে।