মরিশাসে একটি কনটেইনার থেকে মালামাল নামানোর সময় মর্মান্তিক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকাল ৫টা ৫৫ মিনিটের দিকে দেশটির প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, ঘটনার সময় ওই তিন শ্রমিক একটি কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি ভারী বাক্স নামানোর কাজ করছিলেন। এ সময় অজ্ঞাত কোনো কারণে হঠাৎ ভারী বাক্সটি তাঁদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিকের করুণ মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত প্লেইন-দেস-পাপায়েস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কীভাবে বাক্সটি শ্রমিকদের ওপর পড়ে গেল এবং দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা খুঁজে বের করতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে কর্মস্থলে এমন মর্মান্তিক দুর্ঘটনায় সহকর্মীদের আকস্মিক মৃত্যুর খবরে মরিশাসে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম

