শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের গুণাবলি গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ‘৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২৬’। বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের আয়োজনে ৪ থেকে ৯ নভেম্বর পর্যন্ত এই ক্যাম্পুরি অনুষ্ঠিত হচ্ছে। এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নীল আকাশ, সবুজ বন, স্কাউটিংয়ে গড়ি জীবন’।
রংপুর বিভাগের আট জেলা—দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা থেকে ১৩০টি ইউনিটের প্রায় ১ হাজার ২শ কাব স্কাউট, গার্ল-ইন-কাব স্কাউট, ইউনিট লিডার ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। বুধবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও ক্যাম্পুরির ক্যাম্প চিফ মো. আখতারুজ্জামান।
আয়োজকরা জানিয়েছেন, ক্যাম্পুরিতে শিশুদের জন্য ১০টি চ্যালেঞ্জভিত্তিক স্কাউটিং কার্যক্রম রাখা হয়েছে। এসব কার্যক্রম পরিচালনার সুবিধার্থে দুটি ভিলেজ ও চারটি সাব-ক্যাম্প স্থাপন করা হয়েছে। অংশগ্রহণকারী শিশুদের আবাসন, খাবার, সুপেয় পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা পরিষদ, পৌরসভা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠন আয়োজনে সহযোগিতা করছে।
ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া মহাতাঁবুজলসা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম। আয়োজকদের প্রত্যাশা, এই ক্যাম্পুরির মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বগুণ, শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা, পরোপকারিতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে, যা তাদের ভবিষ্যতের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে।

