শ্রমিকের আবেগ নিয়ে নৈরাজ্য করতে দেব না: ডিআইজি মোস্তাফিজুর

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:০১ পিএম। গাজীপুরের বর্তমান শান্ত পরিবেশকে আর কাউকে অশান্ত করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা বাসস্ট্যান্ড পরিদর্শনে গিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ডিআইজি বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবির প্রতি সরকারের পূর্ণ সহানুভূতি রয়েছে, তবে এই সহানুভূতির আড়ালে যারা নৈরাজ্য তৈরির চেষ্টা করছে, তাদের পুলিশসহ শ্রমিক, মালিক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ মিলে প্রতিহত করবে।

তিনি আরও বলেন, আমাদের পুলিশ সদস্যরা আহত হওয়ার পরও আমরা শ্রম সেক্টরে অত্যন্ত মানবিক ও সহানুভূতিশীল অবস্থানে রয়েছি। আমরা চাই না কোনো শ্রমিক আহত হোক। যারা আন্দোলনের নামে কারখানা ভাঙচুর, গাড়িতে আগুন ও রাস্তা বন্ধ করছে, তারা শ্রমিকের বন্ধু হতে পারে না। প্রকৃত শ্রমিকরাই দেশের অর্থনীতি সচল রাখছেন এবং রপ্তানি ও রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখছেন। তাই শ্রমিকদের নিরাপত্তা ও কাজের পরিবেশ শান্ত রাখা পুলিশের দায়িত্ব।

ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিক ভাই-বোনদের আবেগ কাজে লাগিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের প্রতিহত করার দায়িত্ব শ্রমিকদেরও। তিনি স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের উদ্দেশে বলেন, আপনারাও এই শিল্প খাতের ওপর নির্ভরশীল। তাই শান্তি বজায় রাখাকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে। পুলিশ, শ্রমিক, মালিক ও সাধারণ জনগণ সম্মিলিতভাবে দাঁড়ালে কেউ পরিবেশ অশান্ত করতে পারবে না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান, গাজীপুর জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, কালিয়াকৈর সার্কেল এসপি শফিকুল ইসলাম এবং থানার ওসি শহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।