আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ৭০ কারখানায় সাধারণ ছুটি

বেতন বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়ার পোশাকশিল্প এলাকা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শ্রমিকরা নিয়মিতভাবে কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চের মাধ্যমে হাজিরা নিশ্চিত করেন। তবে হাজিরা দেওয়ার পরপরই তারা কর্মস্থল থেকে বেরিয়ে এসে বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে এই অসন্তোষ আশপাশের বিভিন্ন কারখানায় ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের অন্তত ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা বিক্ষোভের একপর্যায়ে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিলে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভরত শ্রমিকরা অন্য কারখানার কর্মীদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।

শ্রমিকদের অভিযোগ, আগামী ডিসেম্বরে মজুরি বাড়ানোর কথা থাকলেও এখন পর্যন্ত কত টাকা বাড়ানো হবে, তা নির্দিষ্ট করা হয়নি। এই অনিশ্চয়তা থেকেই তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

এদিকে, বুধবারের সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনার পর সাভার শিল্পাঞ্চলে পরিস্থিতি বর্তমানে তুলনামূলক শান্ত রয়েছে। তবে নতুন করে বিক্ষোভের আশঙ্কায় আশুলিয়ায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।