দক্ষিণ কক্সবাজারের সীমান্তবর্তী ব্যস্ততম উখিয়ার আরাকান সড়ক এখন অবৈধ পার্কিং ও ঝুপড়ি দোকানের দখলে চলে গেছে। উপজেলার কুতুপালং এলাকায় সড়কের দুই পাশ দখল করে অবৈধ বাজার ও স্থাপনা গড়ে তোলা হয়েছে। এর ফলে এক মিনিটের পথ পাড়ি দিতে ঘণ্টারও বেশি সময় নষ্ট হচ্ছে। তীব্র যানজট ও বিশৃঙ্খলার কারণে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত শত শত যানবাহনের চালক, ভিআইপিদের বহনকারী যানবাহন, রোগীবাহী অ্যাম্বুলেন্স, স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।
কুতুপালং বাজারের ইজারা নিয়ে প্রভাবশালী মহলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। সর্বশেষ ২ কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকায় বাজারটি ইজারা নিয়েছেন বোরহান উদ্দিন। সরেজমিনে দেখা যায়, সড়কের উভয় পাশে সারিবদ্ধভাবে বসেছে অবৈধ বাজার এবং সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকসহ ছোট যানবাহন পার্ক করে রাখা হয়েছে। পশ্চিম পাশে গড়ে তোলা হয়েছে ঝুপড়ি দোকান। শুধু কুতুপালং নয়, কোটবাজার, মরিচ্যা বাজার, বালুখালী, থাইংখালী ও পালংখালী বাজারের চিত্রও প্রায় একই। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী একটি সিন্ডিকেট প্রশাসনের নীরবতার সুযোগ নিয়ে সড়ক দখল করে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে। প্রতিটি দোকান থেকে দৈনিক ২৫০ থেকে ৪০০ টাকা এবং প্রতিটি গাড়ি পার্কিংয়ের জন্য ৫০ থেকে ১০০ টাকা চাঁদা তোলা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, ট্রাফিক ও হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত যাতায়াত করলেও তারা এ দুর্ভোগ নিরসনে কার্যকর ভূমিকা রাখছেন না। কুতুপালং উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, যানজটের কারণে তাদের স্কুলে পৌঁছাতে প্রচুর সময় নষ্ট হয়। জাবেদ নামের এক চাকরিজীবী জানান, অফিসের জন্য তাকে অতিরিক্ত দেড় ঘণ্টা হাতে নিয়ে বের হতে হয়। অবৈধভাবে জাম্বুরা বিক্রি করা সৈয়দুর রহমান স্বীকার করেন, জায়গা না পেয়ে ২৫০ টাকা হাসিল দিয়ে তিনি সড়কে বসেছেন। পার্কিংয়ের দায়িত্বে থাকা লাইনম্যান জানান, ওপরের নির্দেশে তারা টাকা আদায় করেন।
কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুবেল এই অবৈধ দোকানগুলো দ্রুত উচ্ছেদের দাবি জানিয়েছেন। শাহপরী হাইওয়ে পুলিশের এসআই ফজলুল হক জানান, বাজার সমিতি ও প্রশাসনের সহযোগিতায় শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানিয়েছেন, সড়ক দখলমুক্ত করতে যৌথ অভিযান পরিচালনার কাজ চলছে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়। এছাড়া বাজারের মূল্যতালিকা অনুমোদনের জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে, যা দ্রুত প্রকাশ্যে টাঙিয়ে দেওয়া হবে।

