হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় নিজেদের নৌবাহিনীর জলদস্যুবিরোধী ইউনিটের কার্যক্রমের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই নতুন পরিকল্পনার কথা জানিয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেবিএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ওই অঞ্চলে অতিরিক্ত সামরিক সরঞ্জাম ও জনবল মোতায়েন করা হবে।
ইয়োনহাপ নিউজ এজেন্সির তথ্যমতে, দক্ষিণ কোরিয়ার 'চেওংহে' নামের জলদস্যুবিরোধী ইউনিটে আরও ৭৫ জন সদস্য যুক্ত করা হচ্ছে, যার ফলে ইউনিটটির মোট সদস্যসংখ্যা ৩৯৫ জনে উন্নীত হবে। ২০০৯ সাল থেকে সোমালিয়ার উপকূলবর্তী এডেন উপসাগরে জলদস্যু দমনের দায়িত্ব পালন করে আসছে এই ইউনিটটি। প্রতি বছর পার্লামেন্টের অনুমোদনের ভিত্তিতে তাদের কার্যক্রম পরিচালিত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন প্রস্তাব অনুযায়ী, চেওংহে ইউনিটের কার্যক্রমের এলাকা ওমানের দুকম বন্দরের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিস্তৃত করা হবে। হরমুজ প্রণালি থেকে এই বন্দরের দূরত্ব প্রায় ৬৫০ কিলোমিটার বা ৪০৩ দশমিক ৮ মাইল। এছাড়া ইউনিটটিকে শক্তিশালী করতে পি-৮এ পোসেইডন সামুদ্রিক টহল বিমান, মাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করার চালকবিহীন সরঞ্জাম এবং বিস্ফোরক নিষ্ক্রিয়করণে দক্ষ একটি বিশেষ দল পাঠানোর পরিকল্পনা রয়েছে।
গত কয়েক মাস ধরেই হরমুজ প্রণালিতে সামরিক সদস্য মোতায়েনের বিষয়টি পর্যালোচনা করছিল সিউল। তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং আগেই স্পষ্ট করেছেন যে, যুদ্ধের জন্য কোনো সেনা পাঠানো হবে না এবং দক্ষিণ কোরিয়া অন্য কোনো দেশের সংঘাতে জড়িয়ে পড়বে এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না। মূলত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জলদস্যু দমনের সক্ষমতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

