রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে পাহাড়ি দুই আঞ্চলিক সংগঠনের সংঘাত তীব্র আকার ধারণ করেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু লারমা গ্রুপ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার বিকেলে দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল সোয়া ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং-সংলগ্ন লাঙ্গলমারা এবং দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্টের মনের চূড়া এলাকায় থেমে থেমে এ গুলির শব্দ শোনা যায়। স্থানীয় জনপ্রতিনিধি ও সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পরিচয় চাকমা জানান, মনের চূড়া এলাকাটি অত্যন্ত দুর্গম এবং আশপাশে জনবসতি না থাকায় গোলাগুলির পর পরই হতাহতের সুনির্দিষ্ট তথ্য জানা সম্ভব হয়নি।
টানা দুই দিন সংঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন। তিনি জানান, লাঙ্গলমারা ও মনের চূড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে দুই ঘণ্টার বেশি সময় ধরে গোলাগুলি চলে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পাওয়ার পর থেকে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এর আগে শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একই ওয়ার্ডের কলাবুনিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ব্যাপক গোলাগুলি হয়। একটি সূত্রের মতে ওই সংঘর্ষে উভয় পক্ষের দুইজন নিহত হলেও কোনো দলই তা স্বীকার করেনি।
পরপর দুই দিন সাজেকের পাহাড়ি এলাকায় এই সশস্ত্র সংঘাতের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা ও টহল বৃদ্ধি করেছে। এদিকে সড়ক অবরোধ কর্মসূচি নিয়ে নতুন অচলাবস্থা তৈরি হয়েছে। আঞ্চলিক দুটি সংগঠন সাজেক সড়কে এক দিনের জন্য তাদের অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছিল। কিন্তু এর বিরোধিতা করে পরিবহন শ্রমিকেরা চালক ও শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে পাল্টা সড়ক অবরোধের ডাক দেন। ফলে রোববার সকাল থেকে দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে, যদিও রাঙামাটি থেকে খাগড়াছড়িসহ অন্যান্য দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

