ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতার অলিগলিতে কার ভয়ে কার রাতের ঘুম হারাম—হ্যালোরইনের মেজাজে এমনই এক ভুতুড়ে হিসাব কষেছে পলিটিকো। ব্রাসেলসের জাস্টাস লিপসিয়াস ভবনের চারপাশের নীরবতার আড়ালেই যেন শুরু হয়েছে এক রাজনৈতিক দুঃস্বপ্নের মহড়া। শুমান গোলচত্বরে ভিক্টর অরবানের ছায়া ঘুরে বেড়ানোর মতো আতঙ্ক বিরাজ করছে, আর উরসুলা ফন ডার লেয়েনের চিফ অব স্টাফ বিয়র্ন সেইবার্ট কর্মীদের কানাডার সহযোগী সদস্যপদ নিয়ে নানা প্রশ্নে ব্যতিব্যস্ত রাখছেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরাও শঙ্কিত, পাছে ভবন সংস্কারের সময় মাটি খুঁড়ে পুরোনো কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের কঙ্কাল বেরিয়ে আসে।
ব্রাসেলসের এই ক্ষমতার বুদ্বুদের ভেতরে মেরিন ল্য পেনের নাম শুনলে অনেক কূটনীতিক ও আইনপ্রণেতারই রাতের ঘুম উবে যায়। প্রশ্ন উঠেছে, তিনি প্রেসিডেন্ট হলে কি সত্যিই প্যারিসের অবদান বাজেটে অর্ধেক করে দেবেন? জর্জিয়া মেলোনিকে কি তিনি ব্রাসেলসের মূলধারা থেকে দূরে সরিয়ে নেবেন? এমনকি উরসুলা ফন ডার লেয়েনের পদ কি তিনি দাবি করবেন? একসময় জর্দান বারদেলার বাস্তববাদী আচরণে ইউরোপীয় কর্মকর্তাদের মনে কিছুটা আশার সঞ্চার হলেও, প্যারিসের আপিল আদালত তাকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার অনুমতি দেওয়ায় সেই ক্ষীণ আশাও এখন ফিকে হয়ে এসেছে।
এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বা ইসিবি এখন নতুন এক আতঙ্কের মুখে দাঁড়িয়ে আছে, যার নাম জঁ-লুক মেলঁশোঁ। ফ্রান্সের প্রেসিডেন্ট পদপ্রার্থী মেলঁশোঁর প্রতিশ্রুতি হলো, ফ্রান্সের কয়েক শ কোটি ইউরোর ঋণকে তিনি ‘আগুনে পুড়িয়ে’ দেবেন। তাঁর পরিকল্পনা অনুযায়ী, ইসিবিকে ফ্রান্সের সরকারি বন্ডের সুদ মওকুফ করতে হবে, যা অর্থনীতির প্রচলিত নিয়মের বাইরে। সমালোচকদের মতে, এমন পদক্ষেপের পরিণতিতে ফ্রান্সের ইউরোজোন থেকে বিদায় নেওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ আগামী ফেব্রুয়ারিতে দায়িত্ব ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর উত্তরসূরি হিসেবে ক্লাস নট বা পাবলো হার্নান্দেজ দে কসের মতো নামগুলো আলোচনায় থাকলেও, ফ্রান্সের বিশাল ঋণের বোঝা সামলানোর বিষয়টি এখন তাদের জন্যও এক বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।

