ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, অনেক জায়গায় ভোট শুরুর আগেই ভোটারদের দীর্ঘ সারি তৈরি হতে দেখা যায়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।
ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং পাশাপাশি স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মোট ১৮৫টি কেন্দ্রের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।
এ উপনির্বাচনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন। এছাড়া চারজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন, যাদের মধ্যে ২৪৯ জন পুরুষ এবং ৩৮ জন নারী।
নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. খাদেমুল ইসলাম, আবদুল আলীম নিজামী ও হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। শুরুতে ছয়জনের মনোনয়ন বৈধ হলেও ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ান। উল্লেখ্য, গত ২০ আগস্ট ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে পরাজিত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়।
নিরাপত্তার স্বার্থে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। ভোটের আগের দিন বুধবার প্রার্থীদের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ করা হলেও, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছে।
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৮: ১০আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৮: ২৫
গত ২০ আগস্ট ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। সেই শূন্য আসনেই আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

