সমালোচকদের গ্রেপ্তার করে স্বৈরাচারী আচরণ করছে সরকার: নাহিদ ইসলাম

সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করায় স্বৈরাচারী কায়দায় লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের ফলে মানুষের কথা বলার অধিকারে বড় ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। গাজীপুরে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকে সামনে রেখে পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, সরকারের সমালোচনা করার জেরে এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং মানুষের বাকস্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে। এ সময় তিনি সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করায় গাজীপুরের সিফাতসহ সম্প্রতি গ্রেপ্তার হওয়া সবার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

নিত্যপণ্যের ক্রমবর্ধমান মূল্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গ্যাস ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম প্রতিনিয়ত বাড়ছে। পরিস্থিতি এভাবে চলতে থাকলে আগামী রমজান মাসে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটের মুখে পড়বে।

সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্যের বিষয়টি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলেও পোশাক শ্রমিকসহ বেসরকারি খাতের কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়নি। তিনি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সব পেশাজীবীর বেতনের বিষয়টি সমন্বয় করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।